আজকাল ওয়েবডেস্ক: আইপিএলে দ্রুত নজর কাড়ছেন তরুণ ব্যাটার বৈভব সূর্যবংশী। তাঁর পারফরম্যান্স ইতিমধ্যেই ক্রিকেট মহলে আলোচনার কেন্দ্রে উঠে এসেছে। ওয়েস্ট ইন্ডিজের তারকা অলরাউন্ডার কাইরন পোলার্ড-সহ অনেকেই তাঁর প্রশংসা করেছেন। তবে একই সঙ্গে সতর্ক থাকার বার্তাও দিয়েছেন।
একটি ম্যাচের আগে সাংবাদিকদের মুখোমুখি হয়ে পোলার্ড বলেন, এত অল্প বয়সে সূর্যবংশীর এই উত্থান নিঃসন্দেহে রোমাঞ্চকর। তিনি নিজের অভিজ্ঞতার কথা তুলে ধরে বলেন, ১৫ বছর বয়সে তিনি স্কুলে পড়তেন এবং ক্লাব ক্রিকেট খেলতেন। সেই তুলনায় সূর্যবংশীর পারফরম্যান্সকে তিনি অত্যন্ত আশাব্যঞ্জক বলে মনে করেন। পোলার্ডের মতে, তরুণ এই ক্রিকেটার তাঁর তারুণ্যের উদ্যমকে কাজে লাগিয়ে বিশ্ব ক্রিকেটে নিজের ছাপ ফেলছে, যা ভারতীয় ক্রিকেটের জন্য ইতিবাচক দিক।
তবে প্রশংসার পাশাপাশি একটি গুরুত্বপূর্ণ সতর্কবার্তাও দিয়েছেন পোলার্ড। তিনি বলেন, জনমত খুব দ্রুত বদলে যায়, তাই একজন তরুণ ক্রিকেটারকে নিয়ে অতিরিক্ত উন্মাদনা তৈরি করা ঠিক নয়। ভাল সময়ে তাঁকে নিয়ে মাতামাতি করা হলেও খারাপ সময়ে যেন তাঁকে ভুলে না যাওয়া হয়, সেই দিকেও জোর দেন তিনি।
পোলার্ডের বক্তব্য, প্রতিভা তৈরি হওয়া একটি ধারাবাহিক প্রক্রিয়া এবং সেই প্রতিভাকে সঠিকভাবে লালন করা অত্যন্ত জরুরি। কয়েকটি খারাপ পারফরম্যান্সের জন্য যেন কোনও খেলোয়াড়ের পাশ থেকে যেন সরে না যাওয়া হয়। সে বিষয়েও সতর্ক করেন তিনি। একজন পেশাদার ক্রিকেটার হিসেবে এটিকেই তিনি সবচেয়ে বড় উদ্বেগের জায়গা বলে উল্লেখ করেছেন।
১৫ বছরের বৈভব সূর্যবংশী আইপিএলে ধারাবাহিকভাবে নজর কাড়ছেন। ইতিমধ্যেই তিনি প্রমাণ করে দিয়েছেন এক মরসুমের 'ওয়ান্ডার' তিনি নন।
সূর্যবংশীর দুর্দান্ত পারফরম্যান্সের পর আইপিএল চেয়ারম্যান অরুণ ধূমল তাঁর প্রশংসা করেন। এক্স প্ল্যাটফর্মে তিনি লেখেন, এই তরুণ প্রতিভা ভারতীয় দলের হয়ে সবচেয়ে কম বয়সে অভিষেকের যোগ্য।
তিনি আরও বলেন, “এত কম বয়সে এমন অসাধারণ প্রতিভা সত্যিই বিরল। ভারতের হয়ে সবচেয়ে কম বয়সী ক্রিকেটার হিসেবে অভিষেক করা উচিত।''
তিনি এভাবেই আইপিএলে পারফর্ম করতে থাকলে জাতীয় দলের নির্বাচকদের জন্য সিদ্ধান্ত নেওয়া কঠিন হয়ে পড়বে। প্রধান নির্বাচক অজিত আগরকরের নেতৃত্বাধীন কমিটির সামনে এটি একটি বড় 'সুখের মাথাব্যথা' হয়ে উঠতে পারে।
অনেকে মনে করছেন, টি-টোয়েন্টি বিশ্বকাপ ২০২৪-এর পর অভিষেক শর্মা যেমন জাতীয় দলে সুযোগ পেয়েছিলেন, তেমনই ভবিষ্যতে জিম্বাবোয়ের বিরুদ্ধে টি-টোয়েন্টি সিরিজে সুযোগ পেতে পারেন বৈভব। ভারত সাধারণত জিম্বাবোয়ে সফরে দ্বিতীয় সারির দল পাঠায়, তাই তরুণদের সুযোগের সম্ভাবনাও থাকে।
















