আজকাল ওয়েবডেস্ক: সানরাইজার্স হায়দরাবাদের অন্তর্বর্তীকালীন অধিনায়ক ঈশান কিশানের সমালোচনা করেছেন দেশের প্রাক্তন পেসার জাহির খান।
প্যাট কামিন্সের নেতৃত্বের অভাব অনুভব করছে সানরাইজার্স। জাহিরের মতে, প্রাক্তন আইপিএল চ্যাম্পিয়নরা নেতৃত্ব নিয়ে ভুগছে। ঈশান কিষান কার্যকরী হতে পারছেন না বলেই মত জাহিরের।
ওয়ার্কলোড ম্যানেজমেন্টের কারণে বেশ কয়েকদিন মাঠের বাইরে থাকতে হবে কামিন্সকে। তাঁর অনুপস্থিতিতে ঈশান কিশানকে অন্তর্বর্তীকালীন অধিনায়ক এবং অভিষেক শর্মাকে সহ-অধিনায়ক হিসেবে নিয়োগ করা হয়েছে। দলের ফলাফলও হতাশাজনক। ৪টি ম্যাচের মধ্যে ৩টিতে হার এবং মাত্র ১টি জয়। ঈশান কিষানের নেতৃত্ব ইতিমধ্যেই সমালোচনার মুখে পড়েছে, এবং জাহির-সহ অনেকেই তাঁর নেতৃত্বের দুর্বলতা নিয়ে প্রশ্ন তুলেছেন।
ক্রিকেট সংক্রান্ত একটি ওয়েবসাইটকে দেওয়া সাক্ষাৎকারে জাহির বলেন, কামিন্সের অনুপস্থিতিতে ব্যাটিং অর্ডারে স্পষ্টতা ও নিয়ন্ত্রণের অভাব দেখা যাচ্ছে। জাহিরের মতে, কামিন্স থাকলে নির্দিষ্ট পরিকল্পনা দেখা যেত। এখন যা দেখাই যাচ্ছে না।
জাহির আরও বলেন, ''অভিষেক শর্মা ও ট্রাভিস হেড, অথবা ফর্ম অনুযায়ী ঈশান কিশান, তাদের নির্দিষ্টভাবে একটি পদ্ধতিতে ব্যাট করতে বলা হচ্ছে। কিন্তু এর বাইরে স্পষ্ট করে কিছু বলা নেই। প্যাট কামিন্সের নেতৃত্বের অভাব অনুভূত হচ্ছে। ক্যাপ্টেন হিসেবে কামিন্সের পরিকল্পনা ছিল। অন্তর্বর্তী অধিনায়ক সেটা ঠিকভাবে পরিচালনা করতে পারছে না।''
জাহির আরও বলেন, পাঞ্জাব কিংসের বিরুদ্ধে ম্যাচে ইমপ্যাক্ট সাব নির্বাচন নিয়েও দলে পরিকল্পনার অভাব ছিল। তিনি উল্লেখ করেন, প্রথমে প্রফুল হিঙ্গেকে ইমপ্যাক্ট সাব হিসেবে রাখা হয়েছিল, পরে তা বদলে জয়দেব উনাদকড়কে নেওয়া হয়। এতেই বোঝা যায় দলের মধ্যেই দলগঠন নিয়ে বিভ্রান্তি রয়েছে।















