আজকাল ওয়েবডেস্ক: রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু ওয়াংখেড়েতে মুম্বই ইন্ডিয়ান্সকে মাটি ধরিয়েছে।
প্রথমে ব্যাট করে আরসিবি ২৪০ রানের বিশাল স্কোর গড়ে। অধিনায়ক রজত পাতিদার মাঝের ওভারগুলোয় দ্রুত ও আক্রমণাত্মক ইনিংস খেলে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন।
আরসিবি শুরুটা দারুণ করে। ফিল সল্ট এবং বিরাট কোহলি প্রথম উইকেটে ১২০ রানের জুটি গড়েন। এরপর পাতিদার মাত্র ২০ বলে ৫৩ রানের ঝোড়ো ইনিংস খেলেন। এটি চলতি মরশুমে তাঁর টানা দ্বিতীয় হাফ সেঞ্চুরি। পাতিদারের এই পারফরম্যান্স অনেকের প্রশংসা কুড়িয়েছে। এর মধ্যে রয়েছেন ভারতের প্রাক্তন ক্রিকেটার ইরফান পাঠান।
পাঠান বলেছেন, ''রজত পাতিদার বোলারদের জন্য একপ্রকার দুঃস্বপ্ন হয়ে উঠেছে। ও নেমেই প্রথম বল থেকেই আক্রমণ শুরু করে। এই মানসিকতাই পার্থক্য গড়ে দেয়। পাতিদার ক্রিজে নামার মুহূর্ত থেকেই ম্যাচের গতি নির্ধারণ করে দেয়। পাতিদারের খেলা প্রতিটি শটই বাউন্ডারির দিকে যেতে পারে বলে মনে হয়। আরসিবির ব্যাটিং লাইন আপে পাতিদার ইতিবাচক দিক। পাতিদারের এই মানসিকতা আরসিবি-র স্কোরকে প্রতিপক্ষের থেকে আলাদা করে দেয়।''
কোহলি শুরুতে স্বচ্ছন্দে ব্যাট করেন এবং ট্রেন্ট বোল্টকে ছক্কাও মারেন। স্ট্রাইক রোটেট করলেও সল্ট ছিলেন আক্রমণাত্মক এবং মুম্বই বোলারদের উপরে চাপ তৈরি করেন।
আরসিবি মাত্র ৪.২ ওভারে ৫০ রান তুলে ফেলে। যার ফলে মুম্বইকে দ্রুত জশপ্রীত বুমরাহকে আক্রমণে আনতে হয়। পাতিদার মাত্র ১৭ বলে পঞ্চাশ করেন। পাতিদারকেই বিপজ্জনক বলছেন পাঠান।















