আজকাল ওয়েবডেস্ক: রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু ও মুম্বই ইন্ডিয়ান্সের ম্যাচে মেজাজ হারালেন ভারতের প্রাক্তন অধিনায়ক সুনীল গাভাসকর। বেঙ্গালুরু-রাজস্থান ম্যাচের ধারাভাষ্য দেওয়ার সময়ে বিরক্ত সানি কড়া মন্তব্য করতে বসেন।
ওয়াংখেড়েতে অনুষ্ঠিত ধুন্ধুমার ম্যাচের শেষদিকে আরসিবি তিনবার মেডিক্যাল টাইম-আউট নেওয়ায় ক্ষোভ প্রকাশ করেন লিটল মাস্টার। তাঁর মতে, এভাবে বারংবার খেলা থামিয়ে খেলার গতি নষ্ট করা ঠিক নয়। বরং সংশ্লিষ্ট খেলোয়াড়ের উচিত চিকিৎসার জন্য মাঠের বাইরে চলে যাওয়া।
ঘটনাটি ঘটে মুম্বই ইন্ডিয়ান্সের রান তাড়া করার সময়ে। ১৬-তম ওভারের ঘটনা। আরসিবি পেসার রাশিখ সালাম দার প্রথম বল করার আগে রান আপে সমস্যায় পড়েন। মুম্বইয়ের প্রচণ্ড গরম ও আর্দ্রতার কারণে তাঁর পায়ে ক্র্যাম্প ধরে। ফলে ফিজিওকে ডাকা হয় এবং খেলা কিছুক্ষণ বন্ধ থাকে।
যদিও রাসিখ দ্রুত আবার উঠে পড়েন। পরের বলেই রাদারফোর্ড ছক্কা হাঁকান। তার পরই অস্বস্তি অনুভব করেন। তখন আবার তাঁর বাঁ পায়ে চিকিৎসার জন্য ফিজিও মাঠে আসেন। যার ফলে বারবার খেলা বিলম্বিত হয়। ওভার-রেট নিয়ে চাপ বাড়়ে।
এত কিছুর পরেও পরের বলেই নমন ধীরকে আউট করে জবাব দেন রাসিখ। তবে একই ওভারের পঞ্চম বলের পর আবারও তিনি মাটিতে বসে পড়েন ক্র্যাম্পের জন্য। এবার জীতেশ শর্মা এবং অধিনায়ক রজত পাতিদার তাঁকে স্ট্রেচিং করতে সাহায্য করেন। ফিজিও তৃতীয়বারের মতো মাঠে আসেন।
বারংবার খেলা থামানোয় ক্ষোভে ফেটে পড়েন গাভাসকর। লিটল মাস্টার বলেন, ''মাঠের বাইরে গিয়ে চিকিৎসা করাও। তারপরে ফিরে এসো। বাকি বলগুলো অন্য বোলার করুক। আবার দেখো, তৃতীয়বার ফিজিও এলো? কী হচ্ছেটা কী? আমরা কি বারবার একই জিনিস দেখবো?''
রাসিখের যখন চিকিৎসা হচ্ছিল, তখন অন-ফিল্ড আম্পায়াররা আরসিবি ডাগআউটের দিকে তাকাচ্ছিলেন। যেখানে হেড কোচ অ্যান্ডি ফ্লাওয়ার দাঁড়িয়ে ছিলেন। শেষ পর্যন্ত রাসিখকে মাঠের বাইরে নিয়ে যাওয়া হয় এবং রোমারিও শেফার্ড ওভারটি সম্পূর্ণ করেন।
পরে রাসিখ আবার মাঠে ফেরেন এবং শেষ ওভারটি তাঁকে দিয়ে করাতে চেয়েছিলেন রাজত পাতিদার। কিন্তু আম্পায়াররা তা করতে দেননি। চোটের পর তিনি উঠে গিয়েছিলেন। যথেষ্ট সময় তিনি মাঠে ছিলেন না। সেই কারণ তাঁকে বল করতে দেওয়া হয়নি। রোমারিও শেফার্ড শেষ ওভার করেন। শেষমেশ আরসিবি ম্যাচ জিতে নেয়।
















