আজকাল ওয়েবডেস্ক: রাতটা যেন হঠাৎই থমকে গিয়েছিল। আলোয় ভেজা মাঠ, গ্যালারির গর্জন, আর স্কোরবোর্ডে ঝুলে থাকা এক অদ্ভুত সমীকরণ।
দুই বলে দুই রান। ক্রিকেট কখনও কখনও কেবল খেলা নয়। হয়ে ওঠে এক নীরব লড়াই, যেখানে প্রতিটি শ্বাস, প্রতিটি সিদ্ধান্ত ইতিহাস হয়ে ওঠার অপেক্ষায় থাকে।
ডেভিড মিলার দাঁড়িয়ে ছিলেন সেই সন্ধিক্ষণে। ব্যাট হাতে, চোখে এক অদ্ভুত দৃঢ়তা। সামনে প্রসিদ্ধ কৃষ্ণা। পঞ্চম বলটি করার আগের মুহূর্তে সময় যেন ধীরে চলছিল। বল এল, সুযোগও এল, একটি সিঙ্গল, সহজ, হাতের নাগালে। কিন্তু মিলার থামলেন। তিনি দৌড়ালেন না।
কেন? কেন? এই কেনই বড় হয়ে ধরা দিল। সম্ভবত সেই মুহূর্তে তিনি কেবল রান দেখেননি, দেখেছিলেন নিজের উপর আস্থা। হয়তো মনে হয়েছিল, শেষ বলটাই হবে তাঁর গল্প লেখার মঞ্চ।
এক শটে তিনি টেনে দেবেন ইতি। তিনি চেয়েছিলেন সমাপ্তিটা নিজের হাতে রাখতে।
Backing our Tiger, always 🫂💙 pic.twitter.com/pAFouiVmVH
— Delhi Capitals (@DelhiCapitals)Tweet by @DelhiCapitals
শেষ বলটি এল। শর্ট লেন্থের স্লোয়ার। মিলার পুল করতে গেলেন। কিন্তু ব্যাটে বলে হল না। রান আউট হয়ে গেলেন কুলদীপ।
গ্যালারির শব্দ বদলে গেল। ক্রিকেটের সৌন্দর্য এখানেই। মিলার হেরে গেলেন, কিন্তু তাঁর সেই সিদ্ধান্তে লুকিয়ে ছিল এক অদম্য বিশ্বাস, 'আমি পারব।'
রাতের শেষে জয় লিখল গুজরাট। হেরে গেল দিল্লি। কিন্তু গল্পটা মিলারের। কিছু গল্প অসমাপ্ত হয়েই থেকে যায়। ভেঙে পড়া মিলারের চোখের জল বলে দিচ্ছিল আসল গল্পটা।
















