আজকাল ওয়েবডেস্ক: চেন্নাই সুপার কিংসের বিরুদ্ধে ২৩ রানে হারের পর নিজেদের ফিল্ডিং ব্যর্থতাকেই দায়ী করলেন দিল্লি ক্যাপিটালসের অধিনায়ক অক্ষর প্যাটেল।
ম্যাচ শেষে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে অক্ষর বলেন, ''আমরা ভাল শুরু করেছিলাম। কিন্তু পাওয়ার প্লের পর পরপর ২-৩টি উইকেট হারিয়ে ফেলি, যা আমাদের গতি নষ্ট করে। আমার মনে হয় ম্যাচের মোড় ঘুরে যায় ফিল্ডিংয়ের সময়ে। উইকেটও পড়েছে, যা পরিস্থিতিকে আরও কঠিন করে তোলে।''
দিল্লি ক্যাপ্টেন আরও জানান, ২১০–২১৫ রানের লক্ষ্য তাড়া করা সম্ভব ছিল, কিন্তু ফিল্ডিংয়ের ভুলই ম্যাচ হাতছাড়া হয়েছে। অক্ষর বলছেন, ''বোলাররা তাদের কাজ করেছে। প্রতিপক্ষকে ২১৫–২১৭ রানের মধ্যে আটকে রাখা সম্ভব হয়েছিল। উইকেট ব্যাটিংয়ের জন্য ভাল ছিল। কিন্তু আমরা যদি ১–২টি ক্যাচ না ফেলতাম, তাহলে ফল ভিন্ন হতে পারত।'' তিনি আরও যোগ করেন, পিচে পরিবর্তন হয়নি।
অন্যদিকে, ম্যাচে চেন্নাই সুপার কিংস টুর্নামেন্টে তাদের প্রথম জয় তুলে নেয়। টি-টোয়েন্টি বিশ্বকাপের সেরা খেলোয়াড় হয়েছিলেন তিনটি ইনিংস খেলে। অথচ একসময়ে তাঁকে থাকতে হয়েছে দলের বাইরে। টি-টোয়েন্টি বিশ্বকাপের মঞ্চে তাঁর 'গাণ্ডীব' কথা বলেছিল। সঞ্জু ছড়িয়ে দিয়েছিলেন আলো। ভারতও বিশ্বকাপ জিতে নিয়েছিল সঞ্জুর দাপটে।
কিন্তু আইপিএল শুরু হতেই সমালোচিত হতে থাকেন সঞ্জু স্যামসন। রান পাচ্ছিলেন না। ছন্দ হারিয়েছিলেন। তার উপরে চেন্নাই সুপার কিংস লাগাতার ব্যর্থ হচ্ছিল। সেই সঞ্জু স্যামসন দিল্লির বিরুদ্ধে সেঞ্চুরি হাঁকালেন।তাঁর দিকে ধেয়ে আসা সমালোচনার ঝড় ব্যাট হাতেই উড়িয়ে দিলেন। শনি সন্ধ্যায় গড়েন নতুন নজির।
বিশ্বকাপের সাফল্য সঞ্জুকে রাতারাতি তারকায় পরিণত করেছিল। কিন্তু আইপিএলের নতুন অধ্যায়ে, চেন্নাই সুপার কিংসের জার্সিতে শুরুটা সহজ ছিল না। রান আসছিল না, ব্যাটে ছিল নীরবতা। সমালোচকদের নখ-দাঁতে ক্ষতবিক্ষত হচ্ছিলেন।
কিন্তু শনিবার, দিল্লির বিরুদ্ধে ম্যাচে সেই নীরবতা ভেঙে দিল এক বিস্ফোরণ। ব্যাট কথা বলল নিজের ভাষায়। এবারের আইপিএলে প্রথম শতরানের মালিক হয়ে সঞ্জু ফের মনে করিয়ে দিলেন, ফর্ম কখনও হারিয়ে যায় না, শুধু অপেক্ষা করে ফিরে আসার সঠিক মুহূর্তের জন্য।















