আজকাল ওয়েবডেস্ক: আইপিএলে দুর্দান্ত পারফরম্যান্স করে চলেছেন ১৫ বছরের কিশোর। মাঠের ভিতরে বোলারদের রাতের ঘুম কেড়ে নেন তিনি। সেই বৈভব সূর্যবংশী মাঠের বাইরে এখনও সাধারণ কিশোর।
ম্যাচের আগে কার্টুন দেখা সূর্যবংশীর অভ্যাস। এই অভ্যাস বদলানোর কোনও ইচ্ছেই তাঁর নেই বলে জানিয়েছেন সূর্যবংশী।
লখনউ সুপার জায়ান্টসের বিরুদ্ধে জয়ের পরে রাজস্থান রয়্যালসের তারকা ব্যাটার সূর্যবংশী বলেন, ''আমার মন একদম পরিষ্কার থাকে। আজও প্রতিটি ম্যাচের আগে আমি কার্টুন দেখি। এটা আমার অভ্যাস। তবে খেলার দিকেও আমার সম্পূর্ণ মনোযোগ থাকে।''
লখনউয়ের বিরুদ্ধে ম্যাচে তিনি মাত্র ১১ বলে ৮ রান করলেও, এই সংক্ষিপ্ত ইনিংসেই তিনি একটি বড় রেকর্ড গড়েছেন।
মাত্র ১৫ বছর ২৬ দিন বয়সে আইপিএল ইতিহাসে দ্রুততম ৫০০ রান পূর্ণ করা সর্বকনিষ্ঠ খেলোয়াড় হন তিনি। ছাপিয়ে যান পৃথ্বী শকেও। মাত্র ২২৭ বলে এই মাইলফলকে পৌঁছে তিনি ভেঙেছেন ম্যাক্সওয়েলের রেকর্ড।
চলতি মরশুমে এখনও পর্যন্ত ৭ ম্যাচে ২৫৪ রান করে তিনি রাজস্থান রয়্যালসের সর্বোচ্চ রান সংগ্রাহক।
তাঁর স্ট্রাইক রেট ২২০.৮৭ এবং গড় ৩৬.২৯। বিশেষ করে ইনিংসের শুরুতেই সূর্যবংশীর আক্রমণাত্মক ব্যাটিং রাজস্থানের সাফল্যে বড় অবদান রাখছে।
যদিও শেষ তিন ম্যাচ (০, ৪৮ ও ৮ রান) মোটেও বৈভব-সুলভ নন, তবুও তাঁর পারফরম্যান্সই দলের জন্য গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে।
সব মিলিয়ে, আইপিএল ২০২৬-এ এক অনন্য গল্প হয়ে উঠেছেন সূর্যবংশী। ম্যাচের আগে তিনি কার্টুন দেখে স্বচ্ছন্দ। তেমনি মাঠে বিশ্বের সেরা বোলারদের বিপক্ষে দাপটের সঙ্গে খেলতেও সমান দক্ষ।















