আজকাল ওয়েবডেস্ক: রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু বনাম চেন্নাই সুপার কিংস। চুম্বকে মহেন্দ্র সিং ধোনি বনাম বিরাট কোহলি। সেই ম্যাচেই রেকর্ড গড়লেন বিরাট কোহলি।
ম্যাচের তৃতীয় ওভারের শেষ দুটো বলে খলিল আহমেদকে গ্যালারিতে ফেললেন কোহলি। প্রথম ছক্কায় গড়লেন রেকর্ড। প্রথম ক্রিকেটার হিসেবে টি-টোয়েন্টিতে একটি দলের হয়ে তিনশো ছক্কার মাইলফলক ছুঁলেন কোহলি।
শনিবার চিন্নাস্বামী স্টেডিয়ামে এই ইতিহাস গড়লেন কোহলি। পরে আরও তিনটি ছক্কা মারেন তিনি। বেঙ্গালুরুর জার্সিতে তাঁর ছক্কার সংখ্যা ৩০৪টি। ৩৩ বলে ৬২ রান করেন তিনি। মারেন পাঁচটি ছক্কা।
তালিকায় দ্বিতীয় স্থানে বেঙ্গালুরুরই আরেক গ্রেট ক্রিস গেইল। ক্যারিবিয়ান দৈত্য আরসিবির হয়ে মারেন ২৬৩টি ছক্কা। মুম্বই ইন্ডিয়ান্সের হয়ে রোহিত শর্মা মারেন ২৬২টি ছক্কা।
চেন্নাইয়ের বিরুদ্ধে বেঙ্গালুরু করল ৫ উইকেটে ২১৩ রান। ওপেন করতে নেমে জ্যাকব বেথেল ও কোহলি দৌরাত্ম্য শুরু করেছিলেন। শেষের দিকে রোমারিও শেফার্ড ১৪ বলে ৫৩ রানের বিধ্বংসী ইনিংস খেলায় আরসিবি পৌঁছয় ২১৩ রানে। শেফার্ডের ইনিংসে ছিল ৪টি চার ও ৬টি ছক্কা।
সাই সুদর্শনকে (৫০৪) টপকে কমলা টুপির মালিক এখন বিরাট কোহলি(৫০৫)।
















