আজকাল ওয়েবডেস্ক: লখনউ সুপার জায়ান্টস শিবিরে ভাল খবর। দলে ফিরতে পারেন গতিদানব। সেন্টার অফ এক্সলেন্স থেকে সবুজ সঙ্কেত পেতে চলেছেন তিনি। ১৫ এপ্রিল লখনউ সুপার জায়ান্টস শিবিরে যোগ দিতে চলেছেন মায়াঙ্ক যাদব।  

এক সূত্র মারফত জানা গিয়েছে, মায়াঙ্কের রিপোর্ট ভাল। আজ রাতেই হয়তো সরকারি ভাবে সবুজ সঙ্কেত দেওয়া হবে। আগামিকাল  দলের সঙ্গে যোগ দিতে পারে মায়াঙ্ক। তবে কবে থেকে লখনউ সুপার জায়ান্টসের হয়ে মায়াঙ্ক খেলবে, তা স্থির করবেন কোচ। 

সোমবার লখনউ বনাম চেন্নাইয়ের ম্যাচ। এলএসজি-র পরবর্তী ম্যাচ  চলতি মাসের ১৯ তারিখ। প্রতিপক্ষ রাজস্থান রয়্যালস। সম্ভবত সেই ম্যাচেই প্রথমবার এলএসজি শিবিরের হয়ে খেলতে দেখা যাবে মায়াঙ্ককে। 

গতবারের আইপিএলে ২০ লক্ষ টাকার বিনিময়ে তাঁকে দলে নিয়েছিল এলএসজি। এবার ১১ কোটি টাকা দাম ওঠে মায়াঙ্কের। 

গতবারের আইপিএলে বল হাতে গতির ঝড় তুলেছিলেন মায়াঙ্ক।  আইপিএলে নিজের প্রথম দু' ম্যাচের সেরা হয়েছিলেন তিনি। দেড়শো কিলোমিটারের বেশি গতিতে বল করে চমকে দিয়েছিলেন। জাতীয় দলেও ডাক পান। চারটি ম্যাচ খেলার পরই পাঁজরে টান পড়ায়  ছিটকে যেতে হয় এই তরুণ গতিদানবকে। কিন্তু রিহ্যাব চলাকালীন ফের চোট পাওয়ায় মাঠে ফেরা বিলম্বিত হয়। গত অক্টোবরে বাংলাদেশের বিরুদ্ধে টি-টোয়েন্টি সিরিজ দিয়ে অভিষেক হয় মায়াঙ্কের।  তিন ম্যাচের সিরিজের তিনটি খেলেন মায়াঙ্ক। উইকেট নেন চারটি। তার পরে ফের চোটের লাল চোখ দেখতে হয় তাঁকে।  

সেই মায়াঙ্ক এবার চোট সারিয়ে মাঠে ফিরতে চলেছেন।