আজকাল ওয়েবডেস্ক: ভারত-পাকিস্তানের মধ্যে ঘোষিত হয়েছে যুদ্ধবিরতি। স্থগিত হয়ে যাওয়া ইন্ডিয়ান প্রিমিয়ার লিগও দ্রুত শুরু হয়ে যাবে।
একটি সর্বভারতীয় সংবাদমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী,আগামী বৃহস্পতিবারের মধ্যে বোর্ড শুরু করে দেবে আইপিএল। বৃহস্পতিবারের মধ্যে শুরু করা না গেলে শুক্রবার থেকে পুরোদস্তুর বল গড়াবে আইপিএলের।
কবে শুরু হচ্ছে আইপিএল, তা নিয়ে বোর্ড এখনই কোনও ঘোষণা করেনি। বাকি ম্যাচগুলোর সূচি বা ভেন্যু নিয়েও সিদ্ধান্তের কথা জানায়নি ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ড। খুব শীঘ্রই হয়তো সেই সূচি জানাবে বিসিসিআই।
পরিস্থিতির দিকে নজর রাখছিল বোর্ড। যুদ্ধবিরতি ঘোষিত হওয়ার পরে আইপিএলের বাকি ম্যাচগুলো করার জন্য এবার পূর্ণ উদ্যমে ঝাঁপাবে বোর্ড।
ধর্মশালায় দিল্লি-পাঞ্জাব ম্যাচ মাঝপথেই থামিয়ে দেওয়ার পরে ফ্র্যাঞ্চাইজিগুলোর বিদেশি ক্রিকেটারদের দেশে ফেরত পাঠানো হচ্ছে। শনিবার বিকেলে হঠাৎই যুদ্ধবিরতি ঘোষিত হওয়ার পরে আইপিএল নিয়ে শুরু হয়ে গিয়েছে জল্পনা। বোর্ড কর্তারাও দ্রুত শেষ করতে চাইবেন টুর্নামেন্ট।
এর আগে ইসিবির তরফ থেকে জানানো হয়েছিল, ভারতের মাটিতে আইপিএল করা না গেলে ইংল্যান্ডে হতে পারে আইপিএলের বাকি ম্যাচ।
পরিবর্তিত পরিস্থিতিতে দেশের মাটিতে আইপিএল করতে বাধা নেই। আগামী সপ্তাহ থেকেই ফের যুদ্ধং দেহি মেজাজে নেমে পড়বে ফ্র্যাঞ্চাইজিগুলো।
শোনা যাচ্ছে, ধর্মশালা বাদে বাকি ম্যাচগুলো দেশের বিভিন্ন প্রান্তেই হবে। বাকিটা এখন বোর্ডের কোর্ট বল।
















