আজকাল ওয়েবডেস্ক: স্পোর্টস পাওয়ারহাউজ হওয়াই লক্ষ্য। সেই কারণেই ২০৩৬ সালের অলিম্পিক, প্যারালিম্পিক আয়োজনের জন্য ভারতীয় অলিম্পিক সংস্থা সরকারিভাবে ফিউচার হোস্ট কমিশন, আন্তর্জাতিক অলিম্পিক কমিটির কাছে চিঠি পাঠাল।

একটি সূত্র জানিয়েছে, ''প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি চান ২০৩৬ সালের অলিম্পিক ও প্যারালিম্পিক আয়োজন করুক ভারত। সেই লক্ষ্যে উল্লেখযোগ্য পদক্ষেপ করা গেল।'' 

দেশের মাটিতে অলিম্পিক হলে অর্থনেতিক দিক থেকে লাভবান হবে ভারত, সামাজিক উন্নতি হবে, দেশে তারুণ্যের ক্ষমতায়ন হবে। সেই দিকেই একধাপ এগনো গেল বলে মনে করছে ওয়াকবিহাল মহল।  

প্রধানমন্ত্রী একাধিকবার ২০৩৬ সালের অলিম্পিক ও প্যারালিম্পিক আয়োজনের কথা বলেছেন। প্যারিস ফেরত ভারতীয় অ্যাথলিটদের সঙ্গে প্রজাতন্ত্র দিবসের দিন আলোচনায় বসেছিলেন মোদি। দেশের মাটিতে অলিম্পিক আয়োজনের জন্য তাঁদের কাছে থেকে পরামর্শও চেয়েছেন। 

মোদি সেই সময়ে বলেছিলেন, ''২০৩৬ অলিম্পিক আয়োজনের জন্য প্রস্তুতি নিচ্ছে ভারত। এই পরিস্থিতিতে অ্যাথলিটদের কাছ থেকে পরামর্শ খুব গুরুত্বপূর্ণ। তোমরা অনেক কিছুই প্রত্যক্ষ করেছো। একাধিক অলিম্পিকে যোগদান করার ফলে অভিজ্ঞতাও হয়েছে। তোমাদের পরামর্শ অত্যন্ত গুরুত্বপূর্ণ।''

২০৩৬ সালের অলিম্পিক আয়োজনের ব্যাপারে ১০টি দেশ ইচ্ছাপ্রকাশ করেছে। মেক্সিকো, ইন্দোনেশিয়া, তুরস্ক, পোল্যান্ড, মিশর, দক্ষিণ কোরিয়ার সঙ্গে ভারতেরও নাম রয়েছে। এখন দেখার শেষ পর্যন্ত ভারতের মাটিতে মেগা ইভেন্ট হয় কিনা।