আজকাল ওয়েবডেস্ক: লিও মেসি গোল করবেন আর ইন্টার মায়াবি জিতবে, এটাই যেন নিয়ম হয়ে গিয়েছিল।  কিন্তু সেই নিয়মের বিচ্যুতি ঘটল নিউ ইয়র্ক সিটির বিরুদ্ধে ম্যাচে। মেসি গোল পেলেন না, ইন্টার মায়ামিরও তাই জিততে পারল না।

মেজর লিগ সকারে নিউইয়র্ক সিটির সঙ্গে ১-১ গোলে ড্র করে মেসির মায়ামি। এই ড্রয়ের ফলে রেকর্ডের স্বপ্নে ধাক্কা খেল মেসির দল। প্লে-অফে আগেই জায়গা নিশ্চিত করে ফেলেছে ইন্টার মায়ামি। নিউইয়র্ক সিটির সঙ্গে ম্যাচ ড্রয়ের কোলে ঢলে পড়ায় এক মরশুমে মেজির লিগ সকারে সর্বোচ্চ পয়েন্টের সেই রেকর্ডের স্বপ্ন ধাক্কা খেল বলাই যায়। তবে তাদের যে স্বপ্নপূরণ হবে না, একথা এখনই বলা যাচ্ছে না।

এই ড্রয়ের পর মেজর লিগ সকারে ইস্টার্ন কনফারেন্সের শীর্ষে থাকা মায়ামির পয়েন্ট ৩০ ম্যাচে ৬৪। এমএলএসে এক মরশুমে সর্বোচ্চ ৭৩ পয়েন্ট পাওয়ার রেকর্ড ছুঁতে মায়ামির হাতে এখনও ৪টি ম্যাচ। এই ৪ ম্যাচ থেকে অন্তত ১০ পয়েন্ট পেলে তবেই ২০২১ সালে গড়া নিউ ইংল্যান্ড দলের রেকর্ডটি ভাঙবে মেসির মায়ামি। এই ১০ পয়েন্ট ইন্টার মায়ামি সংগ্রহ করতে পারে কিনা, তা বলবে সময়।

গোল করতে মায়ামিকে অপেক্ষা করতে হয়েছিল ৭৫ মিনিট। লিওনার্দো কাম্পানা গোলটি করেন ইন্টার মায়ামির হয়ে। তাদের সমর্থকরা উচ্ছ্বসিত হয়ে সেলিব্রেশন শুরু করে দিয়েছিল। কিন্তু অ্যাডেড টাইমের পঞ্চম মিনিটে জেমস স্যান্ডসের গোলে সমতা ফেরায় নিউইয়র্ক সিটি।