আজকাল ওয়েবডেস্ক: ভারত-পাকিস্তান যুদ্ধকালীন পরিস্থিতিতে বাতিল হয়ে যাচ্ছে একাধিক টুর্নামেন্ট। তারই মধ্যে শুক্রবার ওমানের মাসকটে ১০তম এশিয়ান বিচ হ্যান্ডবল চ্যাম্পিয়নশিপে পাকিস্তানের মুখোমুখি হয় ভারত। লিগের ম্যাচে কালো আর্মব্যান্ড পড়ে নামে ভারতীয়রা।‌ কিন্তু সংগঠন এবং এশিয়ান হ্যান্ডবল ফেডারেশন আপত্তি জানায়। খুলে ফেলার নির্দেশ দেওয়া হয়। উদ্যোক্তারা বলেন, কালো আর্মব্যান্ড পরে নামলে সেই দলকে টুর্নামেন্ট থেকে বহিস্কার করা হতে পারে। প্রথমে ম্যাচ বয়কট করার কথা ভেবেছিল ভারতীয় দল। কিন্তু ইন্টারন্যাশনাল হ্যান্ডবল ফেডারেশনের নিয়ম অনুযায়ী, বিরাট জরিমানা এবং ফাইনের কবলে পরতে হত ভারতীয় দলকে। এটা জানার পর খেলার সিদ্ধান্ত নেয়। 

স্পষ্ট জানিয়ে দেওয়া হয়, ভারতীয় দল শেষ মিনিটে নাম তুলে নিলে দু'বছরের জন্য নির্বাসিত করা হতে পারে। তাই মেনে না নেওয়া ছাড়া কোনও বিকল্প ব্যবস্থা ছিল না। পুল ম্যাচে ০-২ এ হারে ভারত। ম্যাচের আগে খেলার অনুমতি চেয়ে হ্যান্ডবল ফেডারেশন অফ ইন্ডিয়া ক্রীড়া মন্ত্রককে একাধিক চিঠি লেখে। সঙ্গে সঙ্গে মেলের কোনও উত্তর আসেনি। পাকিস্তানের বিরুদ্ধে না খেলার কোনও নির্দেশিকা না আসায়, দল নামানো হয়। টুর্নামেন্ট খেলতে ৫ মে মাসকটে পৌঁছে যায় ভারতীয় দল। পরিস্থিতি এতটা খারাপ হয়ে যাবে কেউ ভাবেনি। সেমিফাইনাল বা ফাইনালে আবার মুখোমুখি হতে পারে ভারত-পাকিস্তান। এই বিষয়ে কেন্দ্রীয় সরকারের অনুমতির অপেক্ষা করছে হ্যান্ডবল সংস্থা। এরমধ্যে সেটা না এলে, ম্যাচটা ছেড়ে দেবে ভারত। টুর্নামেন্টের ফাইনাল ১৫ মে।