আজকাল ওয়েবডেস্ক: মাঝে আর মাত্র একদিন। তারপরই বাংলাদেশের বিরুদ্ধে প্রথম টেস্ট। যুদ্ধকালীন প্রস্তুতি চলছে দুই শিবিরে। তারই মধ্যে টেস্টের দু'দিন আগে হঠাৎই প্র্যাকটিসের মাঝে উৎসবে মেতে উঠলেন ভারতীয় ক্রিকেটাররা। কিছুক্ষণের জন্য থেমে গেল যাবতীয় প্রস্তুতি। কিন্তু কেন? হঠাৎই রবিচন্দ্রন অশ্বিনকে নিয়ে মেতে উঠলেন ভারতীয় ক্রিকেটাররা। মঙ্গলবার ছিল ভারতীয় স্পিনারের ৩৮তম জন্মদিন। কোচের অনুমতি নিয়ে দলের ড্রেসিংরুমেই অশ্বিনের জন্মদিন পালন করা হয়। কেক কাটেন তারকা স্পিনার। তারপর চলে খুনসুঁটি। কেক কাটার পর অশ্বিনের মুখে চকোলেট মাখিয়ে দেন ঋষভ পন্থ। তাঁকে সঙ্গে দেন কুলদীপ যাদব। সেই ছবি সমাজমাধ্যমে পোস্ট করা হয়। ক্রিকেটাররা ছাড়াও ছিলেন কোচ গম্ভীর এবং দলের বাকি সাপোর্ট স্টাফরা। বেশ ফুরফুরে মেজাজে পাওয়া যায় অশ্বিনকে।

সোশ্যাল মিডিয়ায় তাঁকে জন্মদিনের অভিনন্দন জানান প্রাক্তন ক্রিকেটাররা। তারমধ্যে রয়েছে তাঁর এককালীন সতীর্থরাও। চেন্নাইয়ের লাল মাটির উইকেট পেস সহায়ক হলেও, প্রথম টেস্টে গুরুত্বপূর্ণ ভূমিকা নিতে পারেন অশ্বিন। ৩৮ বছরে পা রাখলেও আপাতত অবসরের কোনও ভাবনা নেই। ম্যাচ প্রতি এগোতে চান। যেদিন মনে হবে তাগিদ ফুরিয়ে গিয়েছে, সেদিনই ক্রিকেটকে গুডবাই জানানোর সিদ্ধান্ত নেবেন অশ্বিন। একদিন আগে একটি সাক্ষাৎকারে এমনই জানান ভারতের তারকা স্পিনার।