আজকাল ওয়েবডেস্ক: ভারত ও অস্ট্রেলিয়ার মধ্যে বহুল প্রতীক্ষিত বর্ডার-গাভাসকার ট্রফির সূচি ঘোষণা করা হয়েছে। আগামী ২১ জানুয়ারি নাগপুরে প্রথম টেস্ট দিয়ে সিরিজের সূচনা হবে। এরপর দ্বিতীয় টেস্ট চেন্নাইয়ে এবং তৃতীয়টি অনুষ্ঠিত হবে গুয়াহাটিতে।

চতুর্থ টেস্টের ভেন্যু হিসেবে রাখা হয়েছে রাঁচি এবং পঞ্চম তথা শেষ টেস্ট ম্যাচ হবে আহমেদাবাদে। উল্লেখ্য, শেষবার ভারত এই ট্রফি আয়োজন করেছিল ২০২২-২৩ মরশুমে, যেখানে ভারত ২-১ ব্যবধানে সিরিজ জেতে।

বর্ডার-গাভাসকার ট্রফির সম্পূর্ণ সূচি:

প্রথম টেস্ট: ২১–২৫ জানুয়ারি – নাগপুর (সকাল ৯:৩০)
দ্বিতীয় টেস্ট: ২৯ জানুয়ারি–২ ফেব্রুয়ারি – চেন্নাই (সকাল ৯:৩০)
তৃতীয় টেস্ট: ১১–১৫ ফেব্রুয়ারি – গুয়াহাটি (সকাল ৯:০০)
চতুর্থ টেস্ট: ১৯–২৩ ফেব্রুয়ারি – রাঁচি (সকাল ৯:৩০)
পঞ্চম টেস্ট: ২৭ ফেব্রুয়ারি–৩ মার্চ – আহমেদাবাদ (সকাল ৯:৩০)

এদিকে অস্ট্রেলিয়ান ক্রিকেট বোর্ড ইতিমধ্যেই তাদের ২০২৬-২৭ মরশুমের আন্তর্জাতিক সূচি প্রকাশ করেছে। ভারতের সফরের আগে খুবই কম সময়ের ব্যবধান রাখা হয়েছে। ডিসেম্বর থেকে মার্চের মধ্যে মাত্র ১৪ সপ্তাহে অস্ট্রেলিয়াকে মোট ১০টি টেস্ট খেলতে হবে।

আসন্ন বিজিটি সম্পর্কে ক্রিকেট অস্ট্রেলিয়ার বিবৃতিতে বলা হয়েছে, এই সিরিজটি প্যাট কামিন্স, স্টিভ স্মিথ, মিচেল স্টার্ক, যশ হ্যাজলউড এবং নাথান লিয়নের মতো তারকাদের জন্য ‘শেষ চ্যালেঞ্জ’ হতে পারে। কারণ, অস্ট্রেলিয়া সিনিয়র দলের হয় এই তারকারা ভারতে কোনও টেস্ট সিরিজ জিততে পারেননি।

বিবৃতিতে আরও জানানো হয়েছে, ৩ মার্চ বর্ডার-গাভাসকার ট্রফি শেষের পর ১১ মার্চ মেলবোর্নে অস্ট্রেলিয়ার বার্ষিক টেস্ট ম্যাচ শুরু হওয়ার কথা রয়েছে। টেস্ট মরশুম শুরুর আগে যাতে দলের প্রথম সারির বোলারদের ওয়ার্কলোড খুব বেশি না হয় সে কারণেই আইপিএলের শুরুর দিকে স্টার্ক, কামিন্স ও হ্যাজলউডকে বিশ্রাম দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। যাতে তাঁদের পুরোপুরি ফির অবস্থায় পাওয়া যায়।

উল্লেখ্য, ২০২৬-২৭ মরশুমের জন্য ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ড ভারতের সূচি ঘোষণা করেছে। আর সেই সূচি ঘোষিত হওয়ার সঙ্গে সঙ্গে ঘরের মাঠে আবার ক্রিকেট উৎসবের বাদ্যি বেজে গেল।

ওয়েস্ট ইন্ডিজ, শ্রীলঙ্কা, জিম্বাবোয়ে ও অস্ট্রেলিয়া খেলতে আসবে ভারতের মাটিতে। ১৭টি শহরে ২২টি আন্তর্জাতিক ম্যাচ হবে। রোহিত শর্মা ও বিরাট কোহলি ওয়ানডে বিশ্বকাপের আগে পাচ্ছেন ৯টি ওয়ানডে।

ওয়েস্ট ইন্ডিজের ভারত সফর দিয়ে শুরু হচ্ছে এই ক্রিকেট মরশুম। সেপ্টেম্বরে ভারত সফরে আসছে ওয়েস্ট ইন্ডিজ। চলতি বছরের ২৭ সেপ্টেম্বর ভারত-ওয়েস্ট ইন্ডিজের প্রথম ওয়ানডের বল গড়াবে।

ভারতের মাটিতে তিনটি ওয়ানডে ও পাঁচটি টি-টোয়েন্টি খেলবে ক্যারিবিয়ানরা। ডিসেম্বরে ভারত সফরে আসবে শ্রীলঙ্কা। ১৩ ডিসেম্বর প্রথম ওয়ানডে ভারত-শ্রীলঙ্কার। তারা তিনটি ওয়ানডে ও তিনটি টি-টোয়েন্টি খেলবে।

নতুন বছরের জানুয়ারির ৩ তারিখ ইডেনে প্রথম ওয়ানডেতে মুখোমুখি ভারত ও জিম্বাবোয়ে। জিম্বাবোয়ে তিনটি ওয়ানডে খেলবে এই সিরিজে। ২০২৭ সালের, ৩ জানুয়ারি ইডেন গার্ডেন্সে ভারতের মুখোমুখি জিম্বাবোয়ে।