আজকাল ওয়েবডেস্ক: আইপিএল প্রায় শেষের মুখে। দুটো কোয়ালিফায়ার, একটি এলিমিনেটর এবং ফাইনাল বাকি। তবে মুম্বইয়ের আইপিএল আগেই শেষ হয়ে গিয়েছে। রাজস্থান রয়্যালসের বিরুদ্ধে চলতি মরশুমে শেষ ম্যাচ খেলে হার্দিক পান্ডিয়ার দল। এবার উগান্ডার বিরুদ্ধে খেলতে পারেন সূর্যকুমার যাদব। তবে ভারতীয় দলের হয়ে নয়, ট্রায়াম্প নাইটস মুম্বই নর্থ ইস্টের হয়ে একটি টি-২০ ম্যাচ খেলতে পারেন তিনি। ৩০ মে মুম্বইয়ে ম্যাচটি হতে পারে। বর্তমানে মুম্বই সফরে এসেছে উগান্ডা। চারটে একদিনের ম্যাচ এবং চারটে টি-২০ খেলবে। এমসিএ কল্টসের বিরুদ্ধে ৪-০ তে একদিনের সিরিজ জেতে। 

টি-২০ মুম্বই লিগের চারটে দলের সঙ্গে টি-২০ ম্যাচ খেলবে। ১ জুন থেকে শুরু হবে সংক্ষিপ্ত ফরম্যাটের সিরিজ। এমসিএর সচিব উন্মেশ খানভিল্কার বলেন, 'সূর্য দলের অঙ্গ। তাই ওর খেলার কথা। ও ভারত অধিনায়ক, ওর কোনও দলের বিরুদ্ধে খেলা বিপক্ষের মনোবল বাড়ায়। ভাল ক্রিকেট অভিজ্ঞতা হবে।' বান্দ্রা কুর্লা কমপ্লেক্সের এমসিএ গ্রাউন্ডে ম্যাচটা হবে। ২০১৮ টি-২০ মুম্বই লিগে নজর কেড়েছিলেন সূর্যকুমার। টুর্নামেন্টের চতুর্থ সংস্করণে তাঁকে আইকন প্লেয়ার হিসেবে রিটেন করে ট্রায়াম্প নাইটস। এমসিএ সভাপতি অজিঙ্ক নায়েক জানান, ক্রিকেট উগান্ডাকে আনতে সাহায্য করেন আইসিসি চেয়ারম্যান জয় শাহ। 

নায়েক বলেন, 'জয় শাহ আমাদের উগান্ডা ক্রিকেট দলের বিরুদ্ধে সিরিজ আয়োজন করার পরামর্শ দেন। আমরা সেটাকে লুফে নিই। জাতীয় দলের বিরুদ্ধে খেলার সুযোগ পাবে মুম্বইয়ের প্লেয়াররা। উগান্ডা টিম আমাদের এখানে এসে ম্যাচ খেলতে পারে। এমসিএও অফ সিজনে ওখানে গিয়ে খেলবে। যারা ভারতীয় দলে খেলে বা সিনিয়র দলে খেলে, তাঁরা আন্তর্জাতিক দলের বিরুদ্ধে খেলার সুযোগ পায়। কিন্তু এমসিএর বেঞ্চেরও আন্তর্জাতিক মঞ্চ দরকার। সেই কারণেই এবার আমরা ইউকেতেও যাচ্ছি। মেয়েদের এবং ছেলেদের দল। এটা বাড়তি সুযোগ।' নাইক মনে করেন, এইধরনের টুর্নামেন্ট থেকে জুনিয়ররা উপকৃত হবে।