আজকাল ওয়েবডেস্ক: কেএল রাহুলকে বড় সার্টিফিকেট প্রাক্তন ভারতীয় ওপেনার এবং কোচ ওয়াসিম জাফরের। তাঁর মতে, প্রতিভা এবং ব্যাটিং দক্ষতার বিচারে ভারতের উইকেটকিপার ব্যাটার রাহুল কিংবদন্তি বিরাট কোহলির সমতুল্য। তবে কোহলির অসাধারণ মানসিক দৃঢ়তা, ধারাবাহিকতা এবং জয়ের খিদে তাঁকে রাহুলের থেকে আলাদা করেছে। একটি অনুষ্ঠানে অতিথি হিসেবে যোগ দিয়ে জাফর তাঁর আইপিএলে পাঞ্জাব কিংসে কোচিং করানোর অভিজ্ঞতার কথা তুলে ধরেন। সেই সময় ক্রিস গেইল এবং কেএল রাহুলের মতো তারকা ক্রিকেটারদের সঙ্গে কাজ করার অভিজ্ঞতা হয়। তিনি বলেন, রাহুলের প্রতিভা বিশ্বের সেরাদের সঙ্গে তুলনীয় হলেও মানসিকতার দিক থেকে কোহলি এখনও একধাপ এগিয়ে।

জাফর বলেন, 'কেএল রাহুল একজন অসাধারণ মানের ক্রিকেটার। তিনটি ফরম্যাটেই দারুণ খেলেন। প্রযুক্তিগতভাবে খুবই দক্ষ, শান্ত এবং সংযত। তবে আমার মনে হয়, প্রতিভার তুলনায় এখনও কিছুটা কম অর্জন করেছেন। ভারত এবং নিজের ফ্র্যাঞ্চাইজির হয়ে আরও অনেক বেশি রান করতে পারেন। প্রতিভা এবং ব্যাটিং দক্ষতার বিচারে আমি সত্যিই মনে করি, রাহুল বিরাট কোহলির সমতুল্য। কিন্তু বিরাটের এলিট মানসিকতাই শেষপর্যন্ত দু'জনের মধ্যে পার্থক্য গড়ে দেয়।'

আলোচনায় ক্রিস গেইলকেও বিশেষভাবে উল্লেখ করেন জাফর। তিনি বলেন, মাঠে গেইলের ব্যক্তিত্বের আড়ালে লুকিয়ে ছিল এক অত্যন্ত পেশাদার ক্রিকেটার। রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর হয়ে দীর্ঘদিন খেলার পর নিলামে প্রথমদিকে কোনও দল তাঁকে না নেওয়ায় গেইল কিছুটা আঘাত পেয়েছিলেন। শেষপর্যন্ত পাঞ্জাব কিংস তাঁকে শেষ পর্যায়ে দলে নেয়। জাফরের মতে, সেই ঘটনাই গেইলকে নিজেকে নতুন করে প্রমাণ করার বাড়তি প্রেরণা জুগিয়েছিল। তিনি বলেন, 'গেইলের সঙ্গে কাজ করার সময় আমরা দেখেছি, নিজের পারফরম্যান্স নিয়ে তিনি কতটা গর্বিত ছিলেন। শেষ রাউন্ডে নির্বাচিত হওয়াটা তাঁর আত্মসম্মানে আঘাত করেছিল। কিন্তু সেই আঘাতকেই ইতিবাচক শক্তিতে পরিণত করেন। সেই আইপিএলে পাঞ্জাবের হয়ে ৫০০-৬০০ রান করেন। বাইরে থেকে যাই মনে হোক না কেন, তিনি ছিলেন সম্পূর্ণ পেশাদার। জানতেন, তাঁর ওপর দলের বড় বিনিয়োগ রয়েছে এবং সেই আস্থার মর্যাদা তাঁকেই দিতে হবে।' বৃহস্পতিবার থেকে শুরু জিম্বাবোয়ে সিরিজ। মূলত তরুণ দল নিয়ে গিয়েছেন শ্রেয়স আইয়ার।