আজকাল ওয়েবডেস্ক: তিন ম্যাচের টেস্ট সিরিজের প্রথম টেস্ট হারার পর এবার সকলের নজর দ্বিতীয় টেস্টে। বৃহস্পতিবার পুনেতে শুরু ভারত-নিউজিল্যান্ড দ্বিতীয় টেস্ট। বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের পথ মসৃণ রাখতে কিউয়িদের বিরুদ্ধে পরের দুটো টেস্ট জিততেই হবে রোহিতদের। বৃষ্টিবিঘ্নিত ম্যাচে ভারতকে ৮ উইকেটে হারায় নিউজিল্যান্ড। পিচ থেকে সাহায্য পায় পেসাররা। দ্বিতীয় টেস্টে উইকেট কেমন হবে? জানা গিয়েছে, পুনেতে পিচ থেকে সাহায্য পাবে স্পিনাররা। কালো মাটির পিচে বেঙ্গালুরুর চিন্নস্বামী স্টেডিয়ামের থেকে বাউন্স কম থাকবে। একটি রিপোর্টে বলা হয়েছে, উইকেট ফ্ল্যাট এবং স্লথ থাকবে। পুনের পিচে কোনও ঘাস থাকবে না। টসের এক ঘন্টা পর উইকেটে তেমন সিম মুভমেন্ট থাকবে না। তবে পিচ শুকনো থাকায় বল রিভার্স সুইং হবে। উইকেট স্লো হওয়ায় বিশেষ সুবিধা পাবে না পেসাররা। টস গুরুত্বপূর্ণ ভূমিকা নেবে। টসে জিতলে সংশ্লিষ্ট দল প্রথমে ব্যাট করতে চাইবে।
প্রথম টেস্ট হারের পর দলের সঙ্গে যোগ দিয়েছেন ওয়াশিংটন সুন্দর। বাকি দুই টেস্টের প্রাথমিক দলে তাঁকে রাখা হয়েছে। রঞ্জিতে দিল্লির বিরুদ্ধে অনবদ্য পারফরম্যান্সের পুরস্কার দেওয়া হয় ভারতীয় অলরাউন্ডারকে। তামিলনাড়ুর হয়ে ২৬৯ বলে ১৫২ রান করেন। তিন নম্বরে ব্যাট করেন ওয়াশিংটন। বলের পাশাপাশি ব্যাটের হাতও ভাল। তাই তাঁকে নিউজিল্যান্ডের বিরুদ্ধে টেস্ট দলে অন্তর্ভুক্ত করা হয়েছে। তবে খেলার সম্ভাবনা কম। তিন স্পিনার নিয়ে খেললে রবিচন্দ্রন অশ্বিন, রবীন্দ্র জাদেজার সঙ্গে খেলার সম্ভাবনা বেশি কুলদীপ যাদবের। তবে প্রথম টেস্টে ধরাশায়ী হওয়ার পর ব্যাটিংয়ে বিকল্প বাড়াতে চাইলে কপাল খুলে যেতে পারে ওয়াশিংটনের।
