আজকাল ওয়েবডেস্ক: আয়ারল্যান্ডের কাছে সিরিজ হারের পর ইংল্যান্ডের বিরুদ্ধে পাঁচ ম্যাচের টি-২০ সিরিজ সবে শুরু হয়েছে। তারই মধ্যে শুভমন গিলদের টেস্ট সূচি ঘোষিত হল। বৃহস্পতিবার শ্রীলঙ্কার বিরুদ্ধে ভারতের দুই ম্যাচের টেস্ট সিরিজের দিনক্ষণ ঘোষণা করল শ্রীলঙ্কা ক্রিকেট। আইসিসি বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ ২০২৫-২৭ এর অঙ্গ হিসেবে হবে এই সিরিজ। দুটো টেস্টই অগাস্ট মাসে খেলা হবে। ১৫-১৯ অগাস্ট গল ইন্টারন্যাশনাল ক্রিকেট স্টেডিয়ামে প্রথম টেস্ট। ২৩ থেকে ২৭ অগাস্ট সিংহলিজ স্পোর্টস ক্লাবে দ্বিতীয় টেস্ট।
২০১৭ সালের পর প্রথম শ্রীলঙ্কায় টেস্ট সিরিজ খেলতে যাবে ভারতীয় দল। শেষবার বিরাট কোহলির নেতৃত্বে ৩-০ তে সিরিজ জিতেছিল টিম ইন্ডিয়া। বর্তমান টেস্ট চ্যাম্পিয়নশিপের সাইকেলে প্রথমবার শ্রীলঙ্কায় খেলতে যাবেন শুভমন গিলরা। দুই দলই পয়েন্ট পাওয়ার লক্ষ্যে নামবে। দু'বার বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে উঠলেও, একবারও চ্যাম্পিয়ন হয়নি ভারত। বর্তমানে তালিকায় পঞ্চম স্থানে আছে টিম ইন্ডিয়া। এক ধাপ নীচে ছয় নম্বরে শ্রীলঙ্কা। নভেম্বর-ডিসেম্বরে দুই ম্যাচের টেস্ট সিরিজ খেলতে নিউজিল্যান্ড সফরে যাবে ভারত।
ইংল্যান্ডের মাটিতে ২-২ ড্র করে লাল বলের ক্রিকেটে অধিনায়কত্বের খাতা খোলেন শুভমন গিল। তারপর ঘরের মাঠে ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে সিরিজ জেতে। টি-২০ বিশ্বকাপের জন্য বেশ কয়েক মাস লাল বলের ক্রিকেট খেলেনি ভারতীয় দল। এবার আবার ক্রিকেটের আসল ফর্ম্যাটে ফিরতে চলেছেন গিলরা। কিন্তু গতবছর ঘরের মাঠে দক্ষিণ আফ্রিকার কাছে হারে ভারত। ভারতীয় ব্যাটারদের স্পিন খেলা নিয়ে প্রশ্ন ওঠে। সমালোচনার ঝড় বয়ে যায়। এবার ঘরের মাঠে শ্রীলঙ্কার স্পিনাররা ভারতীয়দের চ্যালেঞ্জ ছুঁড়ে দেবে।
















