আজকাল ওয়েবড়েস্ক: ভারতের মহিলা ফুটবল দল হেরে গেল বাংলাদেশের কাছে। হার সত্ত্বেও মহিলাদের সাফ চ্যাম্পিয়নশিপের সেমিফাইনালে পৌঁছল ভারতের মহিলা দল। কাঠমাণ্ডুর দশরথ রঙ্গশালা স্টেডিয়ামে বাংলাদেশ ৩-১ গোলে হারায় ভারতের মহিলা দলকে। 

সেরা একাদশে থাকারই কথা ছিল না আফিদা খন্দকরের। সেই তিনিই চোখ জুড়ানো গোল করেন। তহুরা খাতুনের শুরু থেকে খেলা নিয়েও ছিল অনিশ্চয়তা। তিনি করলেন জোড়া গোল। ভারতের হয়ে একটি গোল করেন বালা দেবী।

২৭ মিনিটে চোট পেয়ে মাঠ ছাড়েন অঞ্জু তামাং। দু' গোল হজম করার পরে ভারত কিন্তু বহুবার বাংলাদেশের পরীক্ষা নেয়। ৩৫ মিনিটে রঞ্জনা চানুর সেন্টার থেকে প্রায় গোল হয়ে যাচ্ছিল। সেই যাত্রায় বাংলাদেশের গোলকিপার রূপনা চাকমা এগিয়ে এসে বালা দেবীর শট বাঁচান। 

এর ঠিক ন' মিনিট পরেই বালা দেবী গোল করেন ভারতের হয়ে। ফলে ফিরে আসার রাস্তা খোলা থাকে ভারতের জন্য। বিরতির পরে সন্তোষ কাশ্যপের ভারত আরও আক্রমণ শানায় বাংলাদেশের পেনাল্টি বক্সে পরিবর্ত হিসেবে নামা জ্যোতি একের পর এক আক্রমণ তুলে নিয়ে যান। কিন্তু দিনটা বোধহয় ছিল বাংলাদেশের গোলকিপার রূপনার। তাঁকে পরাস্ত করা এদিন একপ্রকার অসম্ভব হয়ে উঠেছিল। গ্রুপ সেরা হয়ে সেমি-ফাইনালে উঠল বাংলাদেশ। 

পাকিস্তানের বিপক্ষে ১-১ ড্র করে টুর্নামেন্ট থেকে ছিটকে পড়ার আশঙ্কা তৈরি হয়ছিল কিন্তু এদিন দুরন্ত জয়ের ফলে বাংলাদেশ গ্রুপ চ্যাম্পিয়ন হয়। ভারত রানার্স হয়।