আজকাল ওয়েবডেস্ক: আয়ারল্যান্ডের কাছে অপ্রত্যাশিত সিরিজ হেরেছে ভারত। তারপর থেকে সমালোচনায় জর্জরিত টিম ইন্ডিয়া। দল নির্বাচন নিয়ে প্রশ্ন উঠছে। আশা করা হয়েছিল, আয়ারল্যান্ডেই দেশের জার্সিতে হাতেখড়ি হবে বৈভব সূর্যবংশীর। কিন্তু সেটা হয়নি। অপেক্ষা দীর্ঘায়িত হয়। কেন সুযোগ পাননি ১৫ বছরের বিস্ময় বালক। এবার সেই কারণ খোলসা করলেন টিম ইন্ডিয়ার কোচ। গৌতম গম্ভীরের ডেপুটি রায়ান টেন দুশখাতে জানান, আন্তর্জাতিক অভিষেকের জন্য তৈরি বৈভব। কিন্তু তাঁকে একটি প্রক্রিয়ার মধ্যে দিয়ে যেতে হবে। দাবি করেন, ভারতীয় দলে অভিষেকের আগে সব প্লেয়ারকেই একটি প্রক্রিয়ার মধ্যে দিয়ে যেতে হয়। বৈভবের ক্ষেত্রেও তেমনই। 

আয়ারল্যান্ডের কাছে হোয়াইটওয়াশের পর, সূর্যবংশীকে নিয়ে চর্চা আরও বেড়েছে। প্রথম ম্যাচে হারের পর সবাই ধরেই নিয়েছিল রবিবার খেলবেন বৈভব। তাঁকে দলে না দেখে, সবাই অবাক হয়। ভারত অবশ্য জয়ের সরণিতে ফিরতে পারেনি। এবার বৈভবের অভিষেক না হওয়ার কারণ জানালেন গম্ভীরের ডেপুটি। দুশখাতে বলেন, 'ও আন্তর্জাতিক ক্রিকেটের জন্য তৈরি। এই নিয়ে বিন্দুমাত্র সন্দেহ নেই। কিন্তু সঞ্জু স্যামসন এমন একজন যে তিনমাস আগে আমাদের বিশ্বকাপ দিয়েছে। ও আইপিএলে খুব ভাল খেলেছে। প্লেয়ারদের আত্মবিশ্বাস এবং ইতিবাচক বার্তা দেওয়া খুব দরকার। আমরা প্লেয়ারদের বেশি সুযোগ দিতে চাই। আমরা বৈভবকে জাতীয় দলে দেখার অপেক্ষায়। তবে ওকেও একটা প্রক্রিয়ার মধ্যে দিয়ে যেতে হবে। তবে ওর গুণগত মান নিয়ে কোনও সন্দেহ নেই।' 

বৈভব আইপিএলে সর্বোচ্চ রান সংগ্রহকারী। স্ট্রাইক রেট ২৩০। ৭৭৬ রান করেন। আইপিএলের সবচেয়ে মূল্যবান প্লেয়ারের পাশাপাশি মরশুমের ইমার্জিং প্লেয়ারও হন। ১ জুলাই থেকে চেষ্টার লি স্ট্রিটে শুরু ভারত-ইংল্যান্ড সিরিজ। ইংল্যান্ড সিরিজে সুযোগ পেলে ভারতের কনিষ্ঠতম প্লেয়ার হিসেবে আন্তর্জাতিক ক্রিকেটে অভিষেকের রেকর্ড করবেন বিস্ময় বালক। পেরিয়ে যাবেন শচীন তেন্ডুলকারকে। ১৬ বছরে আন্তর্জাতিক ক্রিকেটে হাতেখড়ি হয়েছিল মাস্টার ব্লাস্টারের।