আজকাল ওয়েবডেস্ক: ইংল্যান্ডে কঠিন পরীক্ষায় বসতে হবে। সেই কারণে দেশের দুই তারকা ক্রিকেটারের থেকে আগেই পরামর্শ নিয়ে রেখেছেন শুভমান গিল। সেকথা ফাঁস করলেন ভারতের নতুন অধিনায়ক। আইপিএল চলাকালীন কোহলি ও রোহিতের থেকে ইংল্যান্ডের জলহাওয়া ও অভিজ্ঞতার কাছ থেকে জানতে চান।
লিডসে অনুষ্ঠিত প্রেস কনফারেন্সে রহস্য ভেঙে গিল বলেন, ''আইপিএল চলাকালীন দু'জনের সঙ্গেই আমার কথা হয়েছিল। ওরা আমাকে ইংল্যান্ডের অভিজ্ঞতার কথা জানায়। ইংল্যান্ডে কী ধরনের চ্যালেঞ্জ অপেক্ষা করে রয়েছে, তাও আমাকে ওরা জানায়। তবে ভারতের মাটিতে ইংল্যান্ডের বিরুদ্ধে যে টেস্ট সিরিজ খেলেছিলাম, সেটাই আমার কাছে সেরা ছিল।''
এদিকে ইংল্যান্ডের বিরুদ্ধে প্রথম টেস্টে নামার আগে সরল স্বীকারোক্তি কেএল রাহুলের। লাল বলের ক্রিকেটে বিরাট কোহলি, রোহিত শর্মা পরবর্তী যুগ সূচনার মুখে। কিন্তু বাস্তব মেনে নিতে পারছেন না তিনি। প্রথম টেস্টের আগে সংবাদিকদের মুখোমুখি হয়ে কোনও রাখঢাক না করেই এমন জানালেন রাহুল। পাশাপাশি আট বছর পর করুণ নায়ারের প্রত্যাবর্তনের সমর্থনে তিনি।
বিরাট-রোহিত প্রসঙ্গে রাহুল বলেন, 'গত এক দশকে বিরাট-রোহিত ভারতীয় ক্রিকেটের স্তম্ভ ছিল। ওদের না থাকা বড় ক্ষতি। এখনও পর্যন্ত আমার কেরিয়ারে আমি কোনও দলে ছিলাম না যেখানে রোহিত এবং বিরাট নেই। যে ৫০টা টেস্ট ম্যাচ আমি খেলেছি, তাতে বিরাট বা রোহিত, নয় দু'জনেই ছিল। তাই ড্রেসিংরুমে ঢুকতে অদ্ভুত লাগছে। তবে ওদের সিদ্ধান্তকে সম্মান জানাতে হবে। ওরা দেশের জন্য সেরাটা দিয়েছে। ওরা ভারতীয় ক্রিকেটের কিংবদন্তি থাকবে। তবে এবার আমাদের এগিয়ে আসার পালা।'
















