আজকাল ওয়েবডেস্ক: তিনে তিন হল না টিম ইন্ডিয়ার। ম্যাঞ্চেস্টারে টি-টোয়েন্টি বিশ্বকাপের ম্যাচে দক্ষিণ আফ্রিকার কাছে ছ’উইকেটে হারল হরমনপ্রীতের টিম ইন্ডিয়া। প্রথম দুটি ম্যাচে পাকিস্তান এবং নেদারল্যান্ডসকে দুরমুশ করার পরে এদিন জয়ের হ্যাটট্রিক করার সুযোগ ছিল ভারতের কাছে।
কিন্তু মারিজান ক্যাপ একাই অলরাউন্ড পারফরম্যান্স করে জয় ছিনিয়ে নিলেন। ১৫৮ রান তাড়া করতে নেমে দক্ষিণ আফ্রিকা শুরুটা করেছিল দুর্দান্ত। ওপেনার লরা উলফার্ট এবং তাজমিন ব্রিটস চাপে ফেলে দেন ভারতীয় পেসারদের।
প্রথম উইকেট আসে পাওয়ার প্লে-এর শেষ ওভারে শ্রী চরণীর হাত ধরে। প্রোটিয়া অধিনায়ক লরা উলফার্টকে দুরন্ত কট অ্যান্ড বোল্ডে ফেরান তিনি। তার পিছনেই দু’বল খেলে শূন্য রানে ফেরেন অ্যানেরি ডেরেকসেন।
কিন্তু টিম ইন্ডিয়ার জয়ের কাঁটা হয়ে দাঁড়ান মারিজান ক্যাপ এবং ওপেনার ব্রিটস। বল হাতেও এদিন ফর্মে ছিলেন ক্যাপ। ব্যাট হাতে দুরন্ত অর্ধশতরান করেন। ক্যাপ এবং ব্রিটসের ৯৭ রানের পার্টনারশিপই ম্যাচ থেকে ছিটকে দেয় টিম ইন্ডিয়াকে।
মারিজান ক্যাপ অপরাজিত থাকেন ৪৫ বলে ৮১ রান করে। অন্যদিকে, ব্রিটস করেন ৪০ রান। ওপেনার ব্রিটস ফেরার পর জয়ের আশা দেখা গিয়েছিল ভারতীয় শিবিরে। কিন্তু তাতে জল ঢেলে দেন ক্যাপ।
ব্রিটস ফেরার পর নাদিন ডি ক্লার্ককে ফেরান সেই শ্রী চরণী। কিন্তু ক্লো ট্রায়ন এবং মারিজান ক্যাপ পাঁচ বল বাকি থাকতেই ম্যাচ জিতে নেন। এদিন বিশ্বকাপের গুরুত্বপূর্ণ ম্যাচে প্রথমে ব্যাট করতে নেমে শুরুটা ভালই করেছিল ভারত।
আক্রমণাত্মক মেজাজেই শুরু করেছিলেন স্মৃতি এবং শেফালি। কিন্তু গত কয়েকটা ম্যাচের মতো এদিন বড় রান পাননি মান্ধানা। ওপেনিং জুটিতেই দ্রুত রান তুলে ভিত শক্ত করার চেষ্টায় ছিলেন দুই ব্যাটার।
শুরুতেই বাউন্ডারিও খুঁজে নিয়েছিল টিম ইন্ডিয়া। স্মৃতি মান্ধানাও নিজের চেনা ছন্দেই শুরু করেছিলেন। কিন্তু দক্ষিণ আফ্রিকার পেস আক্রমণের বিরুদ্ধে আত্মবিশ্বাসী শট খেললেও ১২ বলে ১৭ রান করে মারিজান ক্যাপের বলে আউট হন তিনি।
তবে স্মৃতি আউট হলেও শেফালি ভার্মা ব্যাট করছিলেন আগ্রাসী মেজাজেই। পাওয়ার প্লে-এর সুযোগ কাজে লাগিয়ে একের পর এক আক্রমণাত্মক শট খেলেন ভারতীয় ওপেনার। ১৫ বলে ৩১ রানের ঝোড়ো ইনিংসে চারটি চার ও একটি ছক্কা মারেন তিনি।
তবে বড় ইনিংস গড়তে পারেননি শেফালি। দ্রুত দুই ওপেনারকে হারানোর পর ইনিংস সামলানোর দায়িত্ব ছিল ইয়াস্তিকা ভাটিয়া ও জেমিমা রড্রিগেজের ওপর। কিন্তু ভারতীয় মিডল অর্ডার এদিন চাপে ফেলতে পারেনি প্রোটিয়াদের।
ইয়াস্তিকা ১৩ বলে ১৫ রান করেন। জেমিমা ১৪ বলে ১২ রান করে ফিরে যান প্যাভিলিয়নের। মিডল ওভারে রান তোলার দায়িত্ব নেন অধিনায়ক হরমনপ্রীত কৌর। খুব বেশি ঝুঁকি না নিয়ে দলের রান এগিয়ে নিয়ে যাওয়ার চেষ্টা করেন তিনি।
২২ বলে ২৪ রানের ইনিংসে দুটি চার মারেন ভারত অধিনায়ক। শেষের দিকে দীপ্তি শর্মা গুরুত্বপূর্ণ ভূমিকা নেন। তাঁর ২১ বলে ২৯ রানের ইনিংস লড়াইয়ের জায়গায় এনে দেয় টিম ইন্ডিয়াকে।
তিনটি চার দিয়ে সাজানো এই ইনিংসে ডেথ ওভারে দ্রুত রান তোলেন তিনি। উল্টোদিকে, রিচা ঘোষও ১৪ বলে ১৫ রান যোগ করেন। তবে শ্রী চরণী ছাড়া এদিন কোনও বোলারই দাগ কাটতে পারলেন না। ফলে, হার নিয়েই এদিন মাঠ ছাড়তে হল ভারতকে।















