আজকাল ওয়েবডেস্ক: আইসিসি একদিনের র্যাঙ্কিংয়ে শীর্ষস্থান ধরে রাখল ভারত। তবে দ্বিতীয় স্থানে থাকা নিউজিল্যান্ডের সঙ্গে পয়েন্টের ফারাক কম। দুই দেশের মধ্যে পয়েন্টের পার্থক্য ৮ থেকে কমে ৫ হয়েছে। ১১৯ থেকে ১১৮ পয়েন্টে নেমেছে ভারত। অন্যদিকে দু'ধাপ ওপরে উঠে ১১৩ নম্বরে নিউজিল্যান্ড। ১০৯ পয়েন্ট নিয়ে তৃতীয় স্থানে অস্ট্রেলিয়া। প্রথম দশে একটিই পরিবর্তন। পাকিস্তানকে পেরিয়ে চার নম্বরে উঠে এসেছে দক্ষিণ আফ্রিকা। এছাড়াও নবম এবং দশম স্থানে থাকা বাংলাদেশ এবং ওয়েস্ট ইন্ডিজের মধ্যে ১০ পয়েন্টের পার্থক্য রয়েছে।
শনিবার থেকে শুরু হবে ভারত-আফগানিস্তান তিন ম্যাচের একদিনের সিরিজ। ১৩ জুন প্রথম ম্যাচ। শনিবারের পর লখনউ এবং চেন্নাইয়ে যথাক্রমে ১৭ এবং ২০ জুন ম্যাচ। ২০২৭ একদিনের বিশ্বকাপের কথা মাথায় রেখে প্রস্তুতি শুরু করেছে টিম ইন্ডিয়া। বৃহস্পতিবার ধর্মশালার উদ্দেশে রওনা হওয়ার আগে, আইএস বিন্দ্রা স্টেডিয়ামে প্র্যাকটিস করবে ভারতীয় দল। আফগানিস্তানের বিরুদ্ধে এক টেস্ট জিতে
সিরিজ পকেটে পুরেছে ভারত। এবার শুরু একদিনের সিরিজ। কিন্তু তার আগে দুঃসংবাদ পায় ভারতীয় শিবির। আফগানিস্তান সিরিজ থেকে ছিটকে যান হার্দিক পাণ্ডিয়া। একদিন আগেই আসন্ন একদিনের সিরিজের জন্য তারকা অলরাউন্ডারকে ফিট ঘোষণা করা হয়েছিল। কিন্তু আবার নতুন করে চোট পান। যার ফলে আফগানদের বিরুদ্ধে পাওয়া যাবে না তারকা অলরাউন্ডারকে। কোয়াড্রাসেপ মাসেলে চোট পেয়েছেন হার্দিক। তিন ম্যাচের সিরিজে অংশ নিতে পারবেন না। মঙ্গলবার জানানো হয়েছিল, রোহিত শর্মা এবং হার্দিক পাণ্ডিয়া বেঙ্গালুরুতে সেন্টার অফ এক্সেলেন্সে ফিটনেস পরীক্ষায় উত্তীর্ণ হয়েছেন। তাঁকে তিন ম্যাচেই পাওয়া যাবে।















