আজকাল ওয়েবডেস্ক: পাকিস্তান সুপার লিগে ব্যাট হাতে ব্যর্থ মহম্মদ রিজওয়ান।
রাওয়ালপিন্ডি ফ্র্যাঞ্চাইজির অধিনায়ক হিসেবে তাঁর দল ৭ ম্যাচের সবকটিতেই হেরে ইতিমধ্যেই টুর্নামেন্ট থেকে ছিটকে গিয়েছে।
কোয়েটা গ্লাডিয়েটরসের বিরুদ্ধেও হার মানে রাওয়ালপিন্ডি। ম্যাচ শেষে সাংবাদিক বৈঠকে রিজওয়ানের টি–টোয়েন্টি ক্রিকেট থেকে অবসর নেওয়ার সম্ভাবনা নিয়েও প্রশ্ন ওঠে।
এবারের পিএসএলে ৭ ম্যাচে মাত্র ১০৭ রান করেছেন রিজওয়ান। তাঁর সর্বোচ্চ স্কোর ৪১। ওপেনার হিসেবে তাঁর ব্যর্থতা স্পষ্ট হয়ে উঠেছে পরিসংখ্যানেও।
দেড় বছরের বেশি সময় ধরে তিনি পাকিস্তানের টি–টোয়েন্টি দলে সুযোগ পাচ্ছেন না।
সম্প্রতি বিগ ব্যাশ লিগেও তাঁর পারফরম্যান্স ছিল হতাশাজনক। ১০ ম্যাচে করেন ১৮৭ রান।
সাংবাদিক বৈঠকে অবসর প্রসঙ্গে প্রশ্নের জবাবে রিজওয়ান বলেন, পারফরম্যান্সের ভিত্তিতে জাতীয় দলে তাঁর জায়গা পাওয়া উচিত নয়। তিনি নিজেও তা মানেন। তবে মনোবল হারাচ্ছেন না তিনি। রিজওয়ান বলছেন, ''আমি সেই একই ব্যক্তি, যাকে বলা হয়েছিল ছক্কা মারতে পারে না।''
তিনি আরও বলেন, সুযোগ পেলে নিজেকে প্রমাণ করতে চান। তবে প্রয়োজন হলে দলের স্বার্থে অন্যদের জায়গা ছেড়ে দিতে তিনি প্রস্তুত।
রিজওয়ান অবশ্য এখনও পাকিস্তানের হয়ে খেলা ছাড়ার ইঙ্গিত দেননি।
















