আজকাল ওয়েবডেস্ক: একদিনের বিশ্বকাপ এবং টি-২০ বিশ্বকাপের নিয়ম বদলে ফেলেছে আইসিসি। বুধবার পরিবর্তিত নিয়ম ঘোষণা করা হয়। নিয়ম পরিবর্তনের ফলে একই বিশ্বকাপে মোট তিনবার মুখোমুখি হতে পারে ভারত-পাকিস্তান। এতদিন পর্যন্ত চিরপ্রতিদ্বন্দ্বীদের সঙ্গে মাত্র দু'বার সাক্ষাৎ হওয়ার সম্ভাবনা ছিল। কিন্তু ফরম্যাট বদলে সেটা একবার বেড়ে গিয়েছে। পরের বছর দক্ষিণ আফ্রিকায় একদিনের বিশ্বকাপ। মোট ১৪টি দল অংশ নেবে। আইসিসি ক্রমতালিকায় নীচের দিকে থাকা তিন দল বিশ্বকাপের প্রাথমিক পর্যায় অংশ নেবে।তারমধ্যে থেকে সেরা দল মূলপর্বে যাবে। মোট ১২ দলকে দুটো গ্রুপে ভাগ করা হবে। সুপার সিক্স-এর পরিবর্তে হবে সুপার সেভেন। কোনও কোয়ার্টার ফাইনাল হবে না।

রাউন্ড রবিন লিগে একটি বাড়তি দল, ভারত-পাকিস্তানের মধ্যে আরও একটি ম্যাচের সম্ভাবনা বাড়াচ্ছে। যার ফলে তিনবার মুখোমুখি হতে পারে দুই চিরশত্রু দেশ। একবার প্রাথমিক পর্বে, একবার সুপার সেভেনে এবং শেষবার সেমিফাইনাল বা ফাইনালে। আইসিসি টুর্নামেন্ট ছাড়া মুখোমুখি হয় না ভারত-পাকিস্তান। দুই দেশের মধ্যে রাজনৈতিক সম্পর্কের জেরে কোনও দ্বিপাক্ষিক সিরিজ হয় না। ২০০৬ সালে শেষবার পাকিস্তানের মাটিতে সিরিজ খেলেছিল ভারত। আইসিসির এক বিবৃতিতে বলা হয়েছে, 'প্রতিটি ম্যাচের গুরুত্ব বৃদ্ধি এবং প্রতিযোগিতার তীব্রতা বাড়ানোর মাধ্যমে দর্শকদের অভিজ্ঞতা আরও সমৃদ্ধ হবে। একই সঙ্গে নতুন দলগুলোও ক্রিকেটের সর্বোচ্চ মঞ্চে নিজেদের তুলে ধরার সুযোগ পাবে।' প্রসঙ্গত, পরের বছর ২০২৭ বিশ্বকাপ এই নতুন ফরম্যাটে খেলা হবে।