আজকাল ওয়েবডেস্ক: আইপিএলে বিধ্বংসী ব্যাটিংয়ের পর আন্তর্জাতিক ক্রিকেটে ফিরেছেন বৈভব সূর্যবংশী। সকলের নজর ছিল বিস্ময় বালকের দিকে। কোটিপতি লিগের ধারাবাহিকতা ধরে রাখতে পারবেন? এটাই ছিল প্রশ্ন। ভারতীয় এ দলের হয়ে ত্রিদেশীয় সিরিজ খেলতে নেমেছেন বৈভব সূর্যবংশী। মঙ্গলবার ডামবুল্লায় শ্রীলঙ্কা এ দলের হয়ে নামে ভারতীয় এ দল। কিন্তু বেশিক্ষণ উইকেটে টিকে থাকতে পারেননি। মাত্র ১৪ রান করে মাঠ ছাড়েন। প্রত্যাশার পাহাড়প্রমাণ চাপ নিয়ে নেমেছিলেন ১৫ বছরের ক্রিকেটার। সূর্যবংশী শুরুটা ভাল করলেও, বেশিক্ষণ ক্রিজে থাকতে পারেননি।মাত্র ১২ বল টেকেন। তিনটে চার মারেন। মাত্র ৪ ওভারে ১৬ রানে প্রথম উইকেট হারায় ভারত।
টসে জিতে ব্যাট করার সিদ্ধান্ত নেয় ভারতীয় এ দল। সূর্যবংশী ছাড়াও প্রভসিমরন সিংও রান পায়নি। মাত্র ২ রানে আউট হন। প্রিয়ান্স আর্য এবং ঋতুরাজ গয়কোয়ার দলকে এগিয়ে নিয়ে যান। ৩২ রান করে রান আউট হন প্রিয়ান্স। ৪৬ রানে অপরাজিত থাকেন ঋতুরাজ। তিলক বর্মা ১৮ রানে অপরাজিত। ২৮ ওভার পর ৩ উইকেট হারিয়ে ১১৮ রান করে ভারতীয় এ দল। ম্যাচের আগে বৈভবকে নিয়ে উৎসাহ প্রকাশ করেছিলেন শ্রীলঙ্কার সহ অধিনায়ক নিরোশান ডিকওয়েলা। তিনি বলেছিলেন, 'আমি উইকেটকিপার হতে পেরে খুশি। কারণ ও ব্যাট করার সময় আমার কাছে খুব বেশি বল আসে না। ও প্রতিভাবান। বিসিসিআই যেভাবে ওকে সমর্থন করছে এবং পাশে দাঁড়াচ্ছে, সেটা দেখে সবাই খুশি। ও বিশ্বের সব তরুণ ক্রিকেটারদের অনুপ্রেরণা। খুব বেশি লিস্ট এ ক্রিকেট খেলেনি, তবে এটা নিজের প্রতিভা দেখানোর মঞ্চ।' প্রসঙ্গত, আয়ারল্যান্ড সিরিজ দিয়ে ভারতীয় সিনিয়র দলে হাতেখড়ি হবে সূর্যবংশীর। সুযোগ পেয়েছেন ইংল্যান্ড সফর এবং এশিয়ান গেমসেও।















