আজকাল ওয়েবডেস্ক: এফআইএইচ হকি বিশ্বকাপের আগে ভারতের পুরুষ ও মহিলা হকি দলের ঐতিহ্যবাহী নীল জার্সির পরিবর্তে গেরুয়া জার্সি পরার সিদ্ধান্ত নিয়ে তৈরি হওয়া বিতর্কের জবাব দিল হকি ইন্ডিয়া। বৃহস্পতিবার এক বিবৃতিতে সংস্থার তরফে জানানো হয়, এই সিদ্ধান্তের মূল কারণ রাজনৈতিক নয়, বরং সম্পূর্ণ প্রযুক্তিগত ও খেলার সুবিধার কথা বিবেচনা করেই নেওয়া হয়েছে।
২৭ জুলাই সোশ্যাল মিডিয়ায় প্রকাশিত একটি ভিডিওতে হকি ইন্ডিয়া ঘোষণা করে, নেদারল্যান্ডস ও বেলজিয়ামে হতে চলা এফআইএইচ হকি বিশ্বকাপে ভারতের পুরুষ ও মহিলা দল গেরুয়া রঙের জার্সি পরে মাঠে নামবে। এরপর থেকেই সোশ্যাল মিডিয়ায় এই সিদ্ধান্ত নিয়ে ব্যাপক আলোচনা শুরু হয়। ভারতের প্রাক্তন অধিনায়ক বীরেন রাসকুইনহাও এই পরিবর্তন নিয়ে প্রশ্ন তোলেন।
হকি ইন্ডিয়ার দাবি, আন্তর্জাতিক হকিতে সিন্থেটিক টার্ফের রং নীল। সেই কারণে নীল জার্সি অনেক সময় মাঠের রঙের সঙ্গে মিশে গিয়ে খেলোয়াড়দের জন্য সমস্যা তৈরি করছিল। কোচিং স্টাফ ও খেলোয়াড়দের সঙ্গে দীর্ঘ আলোচনার পরই জার্সির রঙ পরিবর্তনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
সংস্থার বিবৃতিতে বলা হয়েছে, বিকল্প হিসেবে হলুদ ও গেরুয়া, দুটি রঙের প্রস্তাব আসে। সবদিক বিবেচনা করে শেষ পর্যন্ত গেরুয়া রঙই বেছে নেওয়া হয়। হকি ইন্ডিয়ার মতে, এই রঙ শুধু প্রযুক্তিগত প্রয়োজনই পূরণ করে না, এটি ভারতের জাতীয় পতাকারও একটি গুরুত্বপূর্ণ অংশ, যা সাহস, ত্যাগ এবং জাতীয় গৌরবের প্রতীক।
















