আজকাল ওয়েবডেস্ক: ভারতের টেস্ট দল থেকে ছেড়ে দেওয়া হল হর্ষিত রানাকে। মূল দলে না থাকলেও নিউজিল্যান্ড সিরিজে রিজার্ভ ক্রিকেটার হিসেবে ছিলেন কেকেআরের পেসার। নেট বোলার হিসেবে তাঁকে রেখেছিলেন গৌতম গম্ভীর। যার ফলে দ্বিতীয় টেস্টে খেলার কোনও সম্ভাবনা ছিল না তাঁর। কনকাশন সাব হিসেবেও সুযোগ পাওয়ার সম্ভাবনা ছিল না। তাই দিল্লি ডিস্ট্রিক্ট ক্রিকেট অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে হর্ষিতকে ছেড়ে দেওয়ার আবেদন করা হয়েছিল। রঞ্জি ট্রফিতে দিল্লির পরের ম্যাচ অসমের বিরুদ্ধে। মরণ-বাঁচন ম্যাচ। জিততেই হবে দিল্লিকে। সেই কারণেই হর্ষিতকে খেলানোর চেষ্টা করে দিল্লি ক্রিকেট অ্যাসোসিয়েশন। ভারতীয় দল তাঁকে রিলিজ করে দেওয়ায়, অসম ম্যাচে খেলার ছাড়পত্র পেলেন নাইট পেসার।
রঞ্জি ট্রফির গুরুত্বপূর্ণ ম্যাচে নবদীপ সাইনিকে পাবে না দিল্লি। ভারতীয় এ দলের হয়ে অস্ট্রেলিয়া সফরে যাবেন তিনি। সেই কারণেই বোর্ডের কাছে হর্ষিতকে ছেড়ে দেওয়ার আবেদন করে দিল্লি ক্রিকেট সংস্থা। সেই আবেদন মঞ্জুর করা হল। এর আগে দলীপ ট্রফিতে অংশ নেন হর্ষিত। বেশ কয়েকদিন পর আবার লাল বলের ক্রিকেটে ফিরছেন কেকেআরের পেসার। হর্ষিত ছাড়াও নীতিশ কুমার রেড্ডিকে ছেড়ে দেওয়া হয়েছে। ছেড়ে দেওয়া হয় মায়াঙ্ক যাদবকেও।
















