আজকাল ওয়েবডেস্ক: আফগানিস্তানের বিরুদ্ধে এক টেস্ট জিতে সিরিজ পকেটে পুরেছে ভারত। এবার শুরু একদিনের সিরিজ। কিন্তু তার আগে দুঃসংবাদ ভারতীয় শিবিরে। আফগানিস্তান সিরিজ থেকে ছিটকে গেলেন হার্দিক পাণ্ডিয়া। একদিন আগেই আসন্ন একদিনের সিরিজের জন্য তারকা অলরাউন্ডারকে ফিট ঘোষণা করা হয়। কিন্তু আবার নতুন করে চোট পান। যার ফলে আফগানদের বিরুদ্ধে পাওয়া যাবে না তারকা অলরাউন্ডারকে। কোয়াড্রাসেপ মাসেলে চোট পেয়েছেন হার্দিক। যার ফলে তিন ম্যাচের সিরিজে অংশ নিতে পারবেন না।

মঙ্গলবার জানানো হয়েছিল, রোহিত শর্মা এবং হার্দিক পাণ্ডিয়া বেঙ্গালুরুতে সেন্টার অফ এক্সেলেন্সে ফিটনেস পরীক্ষায় উত্তীর্ণ হয়েছেন। তিন ম্যাচেই পাওয়া যাবে।
১১ জুন ধর্মশালায় দলের বাকিদের সঙ্গে যোগ দেওয়ার কথা ছিল হার্দিকের। কিন্তু ভাগ্য সহায় ছিল না। তার আগেই মিলল খারাপ খবর। চোটের জন্য আইপিএলেও একটা দীর্ঘ সময় মাঠের বাইরে ছিলেন হার্দিক। শেষদিকে কয়েকটি ম্যাচ খেলেন। দীর্ঘ এক বছর পর একদিনের ক্রিকেটে ফিরতেন তারকা অলরাউন্ডার। কিন্তু শেষ মিনিটে তাঁর পরিবর্ত খুঁজতে হবে বোর্ডকে। ব্যাটের পাশাপাশি ডেথ ওভারে বোলিংয়েও পারদর্শী হার্দিক। ট্রেনিং সেশনে ১০ ওভার বল করেন। তারপরই তাঁকে ফিট সার্টিফিকেট দেওয়া হয়। কিন্তু শেষপর্যন্ত তাঁকে পাওয়া যাবে না। অন্যদিকে, ফিট সার্টিফিকেট পেয়ে গিয়েছেন রোহিত শর্মা। ১৩ জুনের পর লখনউ এবং চেন্নাইয়ে ১৭ এবং ২০ জুন ম্যাচ। একদিনের বিশ্বকাপের কথা মাথায় রেখে প্রস্তুতি শুরু করল টিম ইন্ডিয়া। বৃহস্পতিবার ধর্মশালার উদ্দেশে রওনা হওয়ার আগে, আইএস বিন্দ্রা স্টেডিয়ামে প্র্যাকটিস করবে ভারতীয় দল।















