আজকাল ওয়েবডেস্ক: আইপিএলের কোয়ালিফায়ার-১ ম্যাচে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর বিরুদ্ধে বড় ব্যবধানে হারের পর গুজরাট টাইটান্স শিবিরে হতাশার ছবি। ধর্মশালার হিমাচল প্রদেশ ক্রিকেট অ্যাসোসিয়েশন স্টেডিয়ামে ৯২ রানে হার মানে গুজরাট। ম্যাচের পর সাংবাদিক বৈঠকে তেতো প্রশ্ন উড়ে আসে নিউজিল্যান্ডের অলরাউন্ডার গ্লেন ফিলিপ্সের দিকে। 

সাংবাদিক বৈঠকে এক সাংবাদিক ফিলিপ্সকে  প্রশ্ন করেন, ২৫৫ রানের বিশাল লক্ষ্য তাড়া করতে নেমে গুজরাট কি মাঝপথেই হাল ছেড়ে দিয়েছিল? এই প্রশ্ন শুনেই বিরক্ত হয়ে যান ফিলিপ্স। তিনি সরাসরি বলেন, ''এটা খুবই হাস্যকর প্রশ্ন। কোনও পেশাদার ক্রিকেটার মাঠে নেমে আগে থেকেই হাল ছেড়ে দেয় না। আমরা কেন সেটা করব? সত্যিই খুব খারাপ প্রশ্ন।''

এরপর তিনি আরও বলেন, ''আমরা সর্বস্ব দিয়ে চেষ্টা করেছি। কিন্তু ২৫০ রানের বেশি লক্ষ্য তাড়া করতে গেলে সবকিছু নিখুঁত হতে হয়। আমরা সেটাই করার চেষ্টা করেছিলাম, কিন্তু দুর্ভাগ্যবশত সেটা সম্ভব হয়নি।''

এর আগে ব্যাট হাতে দুরন্ত পারফরম্যান্স করে আইপিএলের প্লে-অফ ইতিহাসে সর্বোচ্চ রান তোলে আরসিবি। নির্ধারিত ২০ ওভারে ৫ উইকেটে ২৫৪ রান করে বেঙ্গালুরু। দলের হয়ে বিস্ফোরক ইনিংস খেলেন অধিনায়ক রজত পাটিদার। মাত্র ৩৩ বলে ৯৩ রান করেন তিনি, যার মধ্যে ছিল ৯টি ছক্কা। শুরুতে বিরাট কোহলির ২৫ বলে ৪৩ রানের ইনিংস দলকে মজবুত ভিত দেয়। পরে ক্রুনাল পান্ডিয়ার সঙ্গে মাত্র ৩৫ বলে ৯৫ রানের জুটি গড়ে ম্যাচের মোড় ঘুরিয়ে দেন পাতিদার।

গুজরাটের হয়ে কাগিসো রাবাডা এবং জেসন হোল্ডার দু'টি করে উইকেট নেন।

জবাবে ব্যাট করতে নেমে শুরু থেকেই ধাক্কা খায় গুজরাট। পাওয়ারপ্লেতেই ৫ উইকেট হারিয়ে চাপে পড়ে যায় তারা। শেষদিকে রাহুল তেওয়াটিয়া ৪৩ বলে ৬৮ রানের লড়াকু ইনিংস খেললেও দলকে জয়ের কাছে নিয়ে যেতে পারেননি। শেষ পর্যন্ত ১৬২ রানে অলআউট হয়ে যায় গুজরাট।

আরসিবির হয়ে জ্যাকব ডাফি ৩টি উইকেট নেন। এছাড়া ভুবনেশ্বর কুমার, রসিখ সালাম দার এবং ক্রুনাল পাণ্ডিয়া দু'টি করে উইকেট শিকার করেন।

এই জয়ের ফলে টানা দ্বিতীয়বার আইপিএলের ফাইনালে পৌঁছে গেল রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু। অন্যদিকে, গুজরাট টাইটান্সের সামনে এখনও ফাইনালে ওঠার আরেকটি সুযোগ থাকলেও, এই হারের ধাক্কা কাটিয়ে ঘুরে দাঁড়ানোই এখন তাদের জন্য বড় চ্যালেঞ্জ।