আজকাল ওয়েবডেস্ক: আইপিএল চলাকালীনই ভারতীয় ক্রিকেট বোর্ডের কাছে নিজের কোচিং চুক্তি বাড়ানোর আবেদন করেছেন গৌতম গম্ভীর। তাঁর কোচিংয়ে ভারত ইতিমধ্যেই ওয়ানডে চ্যাম্পিয়ন্স ট্রফি ও টি-টোয়েন্টি বিশ্বকাপ জিতেছে।
এই সাফল্যের পর তিনি আরও দীর্ঘ সময় দলের দায়িত্বে থাকতে আগ্রহ প্রকাশ করেছেন।
বর্তমানে গম্ভীরের সঙ্গে বিসিসিআইয়ের চুক্তি ২০২৭ সালের ওয়ানডে বিশ্বকাপ পর্যন্ত কার্যকর রয়েছে। তবে একটি সংবাদমাধ্যমের প্রতিবেদনে বলা হয়েছে, তিনি ২০২৮ সালের টি-টোয়েন্টি বিশ্বকাপ পর্যন্ত ভারতীয় দলের প্রধান কোচ হিসেবে দায়িত্ব চালিয়ে যেতে চান এবং সেই অনুযায়ী চুক্তি বাড়ানোর আবেদন করেছেন। এই প্রস্তাব অনুমোদিত হলে, ২০২৮ সালের লস অ্যাঞ্জেলেস অলিম্পিকেও ভারতীয় দলের ডাগআউটে তাঁকে দেখা যেতে পারে।
এছাড়া, তিনি ভারতীয় টি-টোয়েন্টি দলের অধিনায়ক হিসেবে সূর্যকুমার যাদবকে আরও কিছু সময় বহাল রাখার পক্ষেও মত দিয়েছেন বলে জানা গিয়েছে। যদিও সাম্প্রতিক সময়ে সূর্যকুমারের ব্যাটিং ফর্ম খুব একটা ভালো নয় এবং আইপিএলেও তিনি রান করতে পারছেন না। বিসিসিআইয়ের কিছু কর্মকর্তা এই বিষয়ে ভিন্ন মত পোষণ করছেন। তাঁদের মতে, ২০২৮ সালের লক্ষ্য সামনে রেখে নতুন অধিনায়কের অধীনে দল গঠন করা উচিত। তাই সূর্যকুমারের নেতৃত্ব দীর্ঘমেয়াদে চালিয়ে নেওয়ার বিষয়ে তাঁরা অনিশ্চিত।
এছাড়া গম্ভীরের এই অবস্থান নিয়ে বোর্ডের কয়েকজন সদস্য বিস্ময় প্রকাশ করেছেন। তাঁদের মতে, বিরাট কোহলি ও রোহিত শর্মার মতো অভিজ্ঞরা টেস্ট দলে জায়গা পেতেন না। শেষেমেশ তাঁরা অবসরই নিয়ে ফেলেন। সূর্যকুমারের ক্ষেত্রে তুলনামূলকভাবে বেশি ছাড় দেওয়া হচ্ছে, যা কিছুটা ব্যতিক্রমী সিদ্ধান্ত হিসেবে দেখা হচ্ছে।
তবে আরেকটি সূত্রে জানা গিয়েছে, বিসিসিআই এখনই কোনও চূড়ান্ত সিদ্ধান্ত নিচ্ছে না। গম্ভীরের কোচিং চুক্তি বাড়ানোর বিষয়ে ইতিবাচক মনোভাব থাকলেও, সূর্যকুমারের অধিনায়কত্বের ভবিষ্যৎ নির্ভর করবে তাঁর পারফরম্যান্সের ওপর। আপাতত আয়ারল্যান্ড ও ইংল্যান্ড সফর পর্যন্ত তাঁকে অধিনায়ক হিসেবে রাখা হতে পারে, এরপর পরিস্থিতি খতিয়ে দেখা হবে।
















