আজকাল ওয়েবডেস্ক: ইংল্যান্ড টেস্টের প্রস্তুতি চলছে জোরকদমে। সিরিজ শুরুর আগেই দলের জন্য লক্ষ্য সেট করে দিলেন গৌতম গম্ভীর। বিরাট কোহলি, রোহিত শর্মা এবং রবিচন্দ্রন অশ্বিনকে ছাড়া কঠিন চ্যালেঞ্জের মুখে পড়বে টিম ইন্ডিয়া। ইংল্যান্ডের মাটিতে তেমন নজরকাড়া পারফরম্যান্স নেই ভারতীয় দলের। এবার আরও বেশি চাপ নিয়ে খেলতে নামবেন শুভমন গিলরা। তবে গম্ভীর চান, তরুণরা সুযোগের সদ্ব্যবহার করুক। নিজেদের সোশ্যাল মিডিয়ায় বিসিসিআই‌ একটি ভিডিও পোস্ট করেছে। সেখানে প্লেয়ারদের দুটো বিকল্প দিতে দেখা যায় গম্ভীরকে। প্রথম বিকল্প, হয় ভাবো আমরা দলের তিনজন অভিজ্ঞ প্লেয়ারকে মিস করব। নয়তো, এই সুযোগ কাজে লাগিয়ে বিশেষ কিছু করে দেখাও। 

প্র্যাকটিস শুরুর আগে টিম হাডলে গম্ভীর বলেন, 'দু'ভাবে বিষয়টিকে দেখা যায়। প্রথম হল, আমরা দলের তিনজন সবচেয়ে অভিজ্ঞ ক্রিকেটারকে ছাড়া খেলতে নামব। বা আমাদের সামনে দেশের জন্য বিশেষ কিছু করে দেখানোর সুযোগ রয়েছে। এই গ্রুপটাকে দেখলে মনে হয়, বিশেষ কিছু করে দেখানোর জন্য তোমাদের মধ্যে খিদে, প্যাশন এবং দায়বদ্ধতা রয়েছে। আমাদের আত্মত্যাগ করতে হবে। পছন্দের জায়গা থেকে বেরিয়ে আসতে হবে। আমরা যদি প্রত্যেক সেশন, প্রত্যেক ঘণ্টা, প্রত্যেক বলে লোটাই করতে পারি, তাহলে এই সফরটা স্মরণীয় হয়ে থাকবে। আজ থেকেই সেটা শুরু করতে হবে। দেশের হয়ে খেলার থেকে বড় সম্মানের কিছু হতে পারে না।' ২০ জুন থেকে ভারতীয় ক্রিকেটে এক নতুন অধ্যায়ের সূচনা হতে চলেছে। দুই মহাতারকাকে ছাড়া ইংল্যান্ডের মাটিতে গিলরা কঠিন চ্যালেঞ্জ নিতে পারে কিনা সেটাই দেখার।