আজকাল ওয়েবডেস্ক: লিডস টেস্ট হারের পর সাংবাদিক সম্মেলনে খোলামেলা মেজাজে পাওয়া গেল গৌতম গম্ভীরকে। কোনও রাখঢাক না করেই যাবতীয় প্রশ্নের চাঁচাছোলা উত্তর দিলেন টিম ইন্ডিয়ার হেড কোচ। এমন স্বভাবের জন্যই পরিচিত তিনি। মেনে নিলেন লোয়ার অর্ডারের ব্যাটিং ব্যর্থতার কথা। কয়েকজন যে আশানুরূপ খেলতে পারেননি, সেটা অকপটে স্বীকার করে নেন। তবে তাঁদের আড়াল করার চেষ্টাও করেন। জানান, বাউন্স ব্যাক করার বিষয়ে আশাবাদী। গম্ভীর বলেন, 'প্রথমেই বলতে চাই, এমন নয় যে ওরা চেষ্টা করেনি। কখনও মানুষ সফল হয় না। সেটা ঠিক আছে। আমি জানি এটা হতাশজনক। আমার মনে হয় সবার থেকে ওরা নিজেরাই বেশি হতাশ। কারণ ওরা জানত, আমাদের সুযোগ আছে। আমরা যদি প্রথম ইনিংসে ৫৭০, ৫৮০ রান করতে পারতাম, আমাদের আধিপত্য থাকত।'
দুই ইনিংসে ভারতীয় ব্যাটিং লাইন আপের ৮ থেকে ১১ নম্বর প্লেয়ার মাত্র ৯ রান করেছে। কোনও একজনের ওপর দায় চাপাতে নারাজ গৌতি। জানান, সবাই একসঙ্গে জেতে, একসঙ্গে হারে। গম্ভীর বলেন, 'এমন নয় যে ওরা নেটে পরিশ্রম করছে না। মাঝেমধ্যে এগুলো হতেই পারে। ব্যাটাররাও ব্যর্থ হয়। আশা করব ওরা এই অভিজ্ঞতা থেকে শিক্ষা নেবে। আশা করছি, টেলএন্ডারদের থেকে আরও বেশি রান পাবো। একমাত্র এই কারণে আমরা হারিনি। বাকি অনেকে মুহূর্ত আছে যেখানে আমরা টেস্ট খুইয়েছি। আমি আলাদা করে কারোর ওপর দোষ চাপাতে চাই না। আমি কখনওই বলব না ৮,৯,১০,১১ রান পায়নি বলে আমরা হেরেছি। আমরা একসঙ্গে হারি, একসঙ্গে জিতি।'
অধিনায়ক হিসেবে হাতেখড়িতে হার। তাঁর ফিল্ড প্লেসিং, বোলিং পরিবর্তন নিয়ে প্রশ্ন ওঠে। তরুণ অধিনায়কের পাশেই দাঁড়ালেন টিম ইন্ডিয়ার হেড কোচ। তিনি মনে করেন, শুরুতেই সেটব্যাক হলেও, ভাল অধিনায়ক হওয়ার ক্ষমতা রয়েছে গিলের। এই প্রসঙ্গে গম্ভীর বলেন, 'প্রথম টেস্ট ম্যাচে স্নায়ুর একটা বিষয় থাকে। ও যেমন বলেছে, ভারতীয় দলকে নেতৃত্ব দেওয়া সম্মানের। সবাই এই সুযোগ পায় না। ও ভাল করেছে। বিশেষ করে প্রথম ইনিংসে যেভাবে ব্যাট করেছে। অধিনায়ক হিসেবে প্রথম ম্যাচে স্নায়ু ধরে রেখে শতরান করেছে। একজন সফল অধিনায়ক হতে যা দরকার, সেরা ওর মধ্যে আছে। ওকে সময় দিতে হবে। সবে অধিনায়ক হয়েছে। আমি নিশ্চিত আর উন্নতি করবে। এইসব জায়গায় নেতৃত্ব দেওয়া সহজ নয়। আমি নিশ্চিত, পেশাদার হিসেবে নিজেকে প্রমাণ করবে।' শার্দূল ঠাকুরের পারফরম্যান্স নিয়েও প্রশ্ন ওঠে। তবে ভারতীয় অলরাউন্ডারের পাশে দাঁড়ান গৌতি।
















