আজকাল ওয়েবডেস্ক: দুরন্ত ফর্মে ছিলেন। চ্যাম্পিয়ন্স ট্রফিতে রান পেয়েছেন। আইপিএলেও অনেক রান করে ফেলেছেন পাঞ্জাব কিংস অধিনায়ক শ্রেয়স আইয়ার। আশা করা গিয়েছিল হয়ত ইংল্যান্ডে টেস্ট সিরিজের দলে তিনি সুযোগ পাবেন। কিন্তু তা হয়নি। শ্রেয়স ব্রাত্যই থেকে গেছেন।
গত শনিবারই ইংল্যান্ড সফরের জন্য ১৮ জনের দল ঘোষণা করেছে বিসিসিআই। সেই দলে শ্রেয়সের নাম নেই। এই বিষয়ে হেড কোচ গৌতম গম্ভীরকে জিজ্ঞাসা করা হলে তিনি স্পষ্ট জানিয়ে দেন, ‘আমি তো আর নির্বাচক নই।’
আইপিএলের সমাপ্তি অনুষ্ঠানে দেশের তিন সশস্ত্র বাহিনীকে বিশেষ সংবর্ধনা দেবে বিসিসিআই। বোর্ডের এই উদ্যোগকে সাধুবাদ জানিয়ে গম্ভীর বলেছেন, ‘বহু বিষয়েই আমরা বোর্ডের সমালোচনা করি। কিন্তু এই বিষয়টা সত্যিই প্রশংসার যোগ্য। গোটা দেশের কথা ভেবেই বোর্ড এই সিদ্ধান্তটা নিয়েছে। সত্যিই দারুণ উদ্যোগ।’
গম্ভীর আরও যোগ করেছেন, ‘যারা দেশকে রক্ষা করে চলেছে, তাদের কুর্নিশ জানানোর সিদ্ধান্তের জন্য বোর্ডের অবশ্যই প্রশংসা প্রাপ্য।’
প্রসঙ্গত, আইপিএল ফাইনালে উপস্থিত থাকার জন্য আমন্ত্রণ জানানো হয়েছে চিফ অফ আর্মি স্টাফ জেনারেল উপেন্দ্র দ্বিবেদী, নাভাল চিফ অ্যাডমিরাল দীনেশ কে ত্রিপাঠী ও এয়ার চিফ মার্শাল অমরপ্রীত সিংকে। এছাড়াও আমন্ত্রণ জানানো হয়েছে শীর্ষ সেনা আধিকারিকদের। যাঁরা ‘অপারেশন সিঁদুর’ এ দেশকে নেতৃত্ব দিয়েছিলেন।
















