আজকাল ওয়েবডেস্ক: সঞ্জু স্যামসনের ওপর আরও আস্থা রাখা উচিত? নাকি ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে সুযোগ দেওয়া উচিত? ক্রিকেটমহলে গত এক সপ্তাহ ধরে এই তর্ক চলছে। টি-২০ বিশ্বকাপের নায়ক আয়ারল্যান্ড এবং ইংল্যান্ড সিরিজ মিলিয়ে করেছেন ৫, ০ এবং ১ রান। ভারতীয় ক্রিকেটে বরাবরই ধৈর্যের অভাব রয়েছে। বিশেষ করে যখন টিম ইন্ডিয়ায় পারফরম্যান্সের প্রসঙ্গ ওঠে। সঞ্জু তিনটে ইনিংসে ব্যর্থ হওয়ায়, বৈভবকে সুযোগ দেওয়ার কথা উঠছে। তাতে অবশ্য যুক্তি রয়েছে। কয়েকদিন আগে শেষ হওয়া আইপিএলে দারুণ ছন্দে ছিলেন ১৫ বছরের বিস্ময় বালক। আইপিএলে সর্বোচ্চ রান তাঁর। বিশ্বের তাবড় তাবড় ববলার্ডে পিটিয়ে ছাতু করে দেন। এবার এই নিয়ে মুখ খুললেন চেতেশ্বর পূজারা। 

ভারতের প্রাক্তন তারকা মেনে নিলেন, সূর্যবংশীর সুযোগ পাওয়া উচিত। তবে পাশাপাশি জানিয়ে দেন, অল্প সময়ের মধ্যে পরীক্ষিত এবং সফল তারকাদের বাদ দেওয়াও উচিত নয়। পূজারা বলেন, 'আমার মতে, সঞ্জু স্যামসনকে খেলানো উচিত। আমার মনে হয় না ও চাপে থাকবে। ও টি-২০ বিশ্বকাপে নিজেকে প্রমাণ করেছে। ও খুবই প্রতিভাবান। তাই সঞ্জুর প্রথম একাদশে থাকা উচিত। ওকে বাদ দেওয়ার বেশি কথা হওয়া উচিত নয়। ও কোয়ালিটি প্লেয়ার। আরও সুযোগ পাওয়া উচিত। বেশি না ভেবে, ওর নিজের স্বাভাবিক খেলাটা খেলা উচিত। বৈভবের খেলার হলে, ও খেলবে। তবে কাউকে ছেঁটে ফেলে নয়। বরং, কাউকে বিশ্রাম দিয়ে। ওকে একটা সুযোগ দেওয়া যেতেই পারে। কিন্তু ভারতের টপ থ্রির মধ্যে কাউকে বসিয়ে নয়। সেটা সঞ্জু হোক, বা অভিষেক, বা ঈশান কিষাণ। তবে পাশাপাশি এটাও বলব, বৈভব সুযোগ পাওয়ার যোগ্য। ওর সুযোগ আসবেই।' 

আয়ারল্যান্ড সিরিজে ব্যর্থ হলেও, ইংল্যান্ডের বিরুদ্ধে প্রথম টি-২০তে ছন্দে ফেরেন শ্রেয়স আইয়ার। শুরুতে জোড়া উইকেট হারালেও, অভিষেক এবং ভারত অধিনায়কের ব্যাটে ভর করে ম্যাচে ফেরে টিম ইন্ডিয়া। যদিও বৃষ্টির জন্য খেলা মাঝপথেই পরিত্যক্ত হয়ে যায়। শ্রেয়সের ব্যাটিংয়ের প্রশংসা করেন পূজারা। জানান, হাত খোলার আগে অভিষেকের সঙ্গে জুটি বেঁধে দলকে ম্যাচে ফেরান। ভারতের নড়বড়ে ইনিংসকে স্থায়িত্ব দেন। পাওয়ার প্লেতে ভরাডুবির পর আগ্রাসনের পাশাপাশি সতর্কতাও দেখান। পাশাপাশি অভিষেকেরও প্রশংসা করেন। পূজারা বলেন, 'শ্রেয়স আইয়ার গুরুত্বপূর্ণ ইনিংস খেলেছে। অধিনায়ক হিসেবে দলকে সামনে থেকে নেতৃত্ব দিতে হয়। দ্রুত ২ উইকেট হারানোর পর সমস্যায় পড়ে যায় ভারত। তখন যথেষ্ট পরিণত দেখায় শ্রেয়সকে। অভিষেকও ভাল খেলেছে। তবে শ্রেয়সের একটা দিক ধরে রাখা দরকার ছিল। সেট হওয়ার পর কয়েকটা ভাল শট খেলেছে।' শনিবার ইংল্যান্ডের বিরুদ্ধে দ্বিতীয় টি-২০ ম্যাচে নামবে টিম ইন্ডিয়া। বৈভবের কপাল খুলবে? নাকি আরও সুযোগ দেওয়ার হবে সঞ্জুকে? জানতে, আরও ২৪ ঘণ্টার অপেক্ষা।