আজকাল ওয়েবডেস্ক: আসন্ন মঙ্গলবার ফ্রান্সের নতুন কোচের নাম ঘোষণা করা হবে। কিলিয়ান এমবাপেদের কোচ হওয়ার দৌড়ে এগিয়ে জিনেদিন জিদান। বৃহস্পতিবার একটি বিবৃতিতে ফ্রেঞ্চ ফুটবল ফেডারেশন জানায়, প্যারিসে সংস্থার হেডকোয়ার্টার থেকে ফ্রান্সের নতুন কোচের নাম ঘোষণা করবেন সভাপতি ফিলিপ ডায়ালো। ২০২১ সালে রিয়াল মাদ্রিদ ছাড়ার পর আর কোচিং করাননি জিদান। ২০১৬ থেকে ২০১৮ টানা তিনবার তাঁর কোচিংয়ে চ্যাম্পিয়ন্স লিগ জেতে রিয়েল মাদ্রিদ। গত ১৪ বছর ধরে ফ্রান্সের দায়িত্বে ছিলেন দিদিয়ের দেশঁ। বিশ্বকাপের পর সরে দাঁড়ান ফরাসি কোচ।
সেমিফাইনালে স্পেনের কাছে হেরে বিশ্বকাপ থেকে বিদায় নেয় ফ্রান্স। তৃতীয় স্থান নির্ণায়ক ম্যাচে ইংল্যান্ডের কাছে হারে। ২০১৮ সালে দেশঁর কোচিংয়ে বিশ্বকাপ জিতেছিল ফ্রান্স। ২০২২ কাতার বিশ্বকাপের ফাইনালে পেনাল্টিতে হারে। ২০১৬ সালে ঘরের মাঠে ইউরো কাপ হার। ফ্রান্সের ১৯৯৮ বিশ্বকাপজয়ী দলের সদস্য জিদান। ব্রাজিলের বিরুদ্ধে ৩-০ গোলে জয়ে জোড়া গোল করেন। দু'বছর পর ইউরো চ্যাম্পিয়ন দলেও ছিলেন তারকা মিডফিল্ডার। ১৯৯৮ সালে ব্যালন ডি অর জেতেন।
ফ্রান্সের হয়ে মোট ১০৮ ম্যাচ খেলেন জিদান। তারমধ্যে রয়েছে ২০০৬ বিশ্বকাপ ফাইনালে পানেনকা স্টাইলের পেনাল্টিতে গোল। সেই ম্যাচেই মার্কো মাতেরাজ্জিকে মাথায় গুঁতো মেরে মাঠ ছাড়েন জিদান। শেষপর্যন্ত ম্যাচ হারে ফ্রান্স। এরপর আবার নেশন্স লিগে নামবে ফ্রান্স। ২৫ সেপ্টেম্বর তুরস্কতে খেলবেন এমবাপেরা। তার তিনদিন পরে বেলজিয়ামে ম্যাচ। এরপর ২ অক্টোবর স্তাদ দ্য ফ্রান্সে ইতালির মুখোমুখি হবে জিদানের ফ্রান্স।
















