আজকাল ওয়েবডেস্ক: এবার তো রান করো...। বিরাট কোহলি ও রোহিত শর্মার ব্যাটে রান দেখতে চান ভক্তরা। তাঁদের সুরেই সুর মিলিয়েছেন পাকিস্তানের প্রাক্তন ক্রিকেটার বাসিত আলি। ভারতের দুই তারকা ব্যাটারের উদ্দেশে তাঁর বার্তা, এবার রান করতে হবে।

নিউজিল্যান্ডের কাছে হতশ্রী ভাবে টেস্ট সিরিজ হেরেছে ভারত। ওয়াংখেড়েতে একটি টেস্ট ম্যাচ বাকি। শুক্রবার থেকে বল গড়াবে সেই টেস্টের। এদিকে বর্ডার-গাভাসকর ট্রফি এগিয়ে আসছে। স্যার ডনের দেশে ভারতীয়দের অ্যাসিড টেস্ট। সেই সঙ্গে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে পৌঁছনোর সমীকরণও ধীরে ধীরে কঠিন হচ্ছে ভারতের জন্য।

ভারতকে ভাল কিছু করতে হলে রোহিত ও কোহলিকে ব্যাট হাতে গর্জে উঠতে হবে। বাসিত আলি তাঁর ইউটিউব চ্যানেলে বলছেন, ''রোহিত শর্মা ও বিরাট কোহলি--এবার তো ওদের রান করতে হবে। তা পিচ যেমনই হোক। জয়সোওয়াল, গিল, ঋষভ পন্থ, সরফরাজ খান অথবা লোকেশ রাহুল সবাইকে রান করতে হবে।''

নিউজিল্যান্ডের বিরুদ্ধে সিরিজের প্রথম দুটো ম্যাচে রোহিত শর্মা মাত্র ৬২ রান করেছেন। কোহলি করেছেন ৮৮ রান। ওয়াংখেড়েতে কি হোয়াইট ওয়াশ হবে ভারতের? বাসিত আলি বলছেন, ''নিউজিল্যান্ডের জন্য লাল মাটির পিচ তৈরি। লোকজন বলতে শুরু করেছে হোয়াইট ওয়াশ হবে। কিন্তু আমি তা মনে করি না। নিউজিল্যান্ডকে দিওয়ালি গিফট দেবে ভারত। যদি না পারে, তাহলে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালের কথা ভুলে যাওয়াই ভাল।''