আজকাল ওয়েবডেস্ক:‌ প্রাক্তন ক্রিকেটার নমন ওঝার বাবার সাত বছরের জেল হল। ব্যাঙ্কে কাজ করার সময় ১১ বছর আগে একটি আর্থিক তছরুপে নাম জড়িয়েছিল নমনের বাবা বিনয় ওঝার। সেই ঘটনায় দোষী সাব্যস্ত হয়েছেন চার জন। তার মধ্যে নমনের বাবাও রয়েছেন। 


ব্যাঙ্ক অফ মহারাষ্ট্রের কর্মী ছিলেন বিনয় ওঝা। ২০১৩ সালে সেই ব্যাঙ্কের বেতুল এলাকার মুলতাই থানার অন্তর্গত জৌলখেড়া গ্রামের শাখায় ১.২৫ কোটি টাকার আর্থিক তছরুপ হয়েছিল। পুলিশ তখন ছ’জনের বিরুদ্ধে মামলা দায়ের করে তদন্ত শুরু করে। মঙ্গলবার মুলতাই অ্যাডিশনাল সেশনস কোর্ট রায় ঘোষণা করেছে। সেই ঘটনার মূলচক্রী অভিষেক রত্নমের ১০ বছরের জেল এবং ৮০ লাখ টাকা জরিমানা হয়েছে। বিনয় সেই শাখায় অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার ছিলেন। তাঁকেও দোষী সাব্যস্ত করা হয়েছে। সাত বছরের জেলের পাশাপাশি সাত লাখ টাকা জরিমানাও দিতে হবে তাঁকে। দোষী সবাইকেই মঙ্গলবার মুলতাই জেলে পাঠানো হয়েছে।


প্রসঙ্গত নমন ওঝা ভারতের হয়ে একটি টেস্ট, একটি ওয়ানডে এবং দু’টি টি২০টোয়েন্টি খেলেছেন। টেস্টে দুই ইনিংস মিলিয়ে ৫৬ রান করেছেন। ওয়ানডে ম্যাচটিতে এক রান এবং টি২০–তে ১২ রান করেছেন। ২০১০ সালে জিম্বাবোয়ে সফরে ভারতের হয়ে অভিষেক হয় নমনের। এখন তিনি প্রাক্তন। দলে তাঁর ভূমিকা ছিল উইকেটরক্ষকের। খেলেছেন আইপিএলও।