আজকাল ওয়েবডেস্ক: ২৮ মার্চ থেকে বল গড়াবে আসন্ন আইপিএলের। তার আগে ভারতের প্রাক্তন ওপেনার আকাশ চোপড়া বেছে নিলেন প্লে অফের চার দলকে। এই চার দলের মধ্যে নেই কলকাতা নাইট রাইডার্স। কেকেআর-এর হয়ে একসময়ে খেলেছিলেন চোপড়া। কিন্তু তাঁর পছন্দের চার প্লে অফের দলে নেই নাইটরা। মুম্বই ইন্ডিয়ান্স, আরসিবি, পাঞ্জাব কিংস ও দিল্লি ক্যাপিটালস --এই চারটি দল প্লে অফে পৌঁছবে বলে মনে করেন আকাশ চোপড়া।
গতবার মুম্বই ইন্ডিয়ান্স, আরসিবি, পাঞ্জাব কিংস ও গুজরাট টাইটান্স প্লে অফে পৌঁছেছিল। কিন্তু দিল্লি ক্যাপিটালস ছিটকে গিয়েছিল। এবার কোন দল আইপিএল খেতাব জিতবে? আকাশ চোপড়া বলেন, ''যে দল ভাল খেলবে তারাই জিতবে। নতুন কেউ জিতবে হয়তো। আমার মনে হচ্ছে দিল্লি।''
অরেঞ্জ ও পার্পল ক্যাপের ভবিষ্যদ্বাণী করেন আকাশ চোপড়া। তাঁরা কারা? আকাশের পছন্দ সঞ্জু স্যামসন ও জশপ্রীত বুমরাহ।
টি-টোয়েন্টি বিশ্বকাপে সঞ্জু স্যামসন প্লেয়ার অফ দ্য টুর্নামেন্ট হয়েছেন। তিনি এবার চেন্নাই সুপার কিংসের হয়ে খেলবেন। আইপিএল ২০২৬-এর নিলামের আগে চেন্নাই ট্রেড ডিলের মাধ্যমে রাজস্থান থেকে সঞ্জুকে দলে নেয় চেন্নাই। আইপিএলে চেন্নাইয়ের হয়ে ওপেন করতে দেখা যাবে সঞ্জু ও উর্ভিল প্যাটল বা আয়ূষ মাহত্রেকে।
অন্যদিকে বুমরাহ মুম্বই ইন্ডিয়ান্সের বোলিং আক্রমণকে নেতৃত্ব দেবেন। ১৪৫টি আইপিএলের ম্যাচে বুমরাহ ১৮৩টি উইকেট নেন। কিন্তু কোনওবার পার্পল ক্যাপ জেতেননি। গতবারের আইপিএলে মুম্বই ইন্ডিয়ান্সের হয়ে ১২টি ম্যাচ খেলেন বুমরাহ। ১৮টি উইকেট নিয়েছিলেন তিনি। ২০২৪ সালে ১৩টি ম্যাচ থেকে ২০টি উইকেট সংগ্রহ করেন বুম বুম বুমরাহ।
