আজকাল ওয়েবডেস্ক: আয়ারল্যান্ডের বিরুদ্ধে দ্বিতীয় ম্যাচের আগে সঞ্জু স্যামসনের উদ্দেশে সতর্কবার্তা সঞ্জয় মঞ্জরেকরের। আয়ারল্যান্ডের বিরুদ্ধে প্রথম ম্যাচে বিশ্রী হার ভারতের। রান পাননি সঞ্জু। ভারতের প্রাক্তনী মনে করছেন, খুব বেশি ব্যর্থ হওয়ার জায়গা নেই ভারতীয় ওপেনারের। কারণ সাইডলাইনে অপেক্ষা করছেন বৈভব সূর্যবংশী। দুই ম্যাচের সিরিজের প্রথম ম্যাচ ৩৪ রানে হারায় পর, সূর্যবংশীকে খেলানোর চাপ রয়েছে। রবিবার বেলফাস্টে দ্বিতীয় ম্যাচে তাঁর অভিষেকের অপেক্ষায় সবাই। সিরিজের প্রথম ম্যাচে টি-২০ বিশ্বকাপজয়ী ওপেনিং জুটিকে রাখা হয়। ফলে বৈভবকে অপেক্ষা করতে হয়। 

রবিবার দেশের জার্সিতে তাঁর হাতেখড়ি হবে কিনা সেই নিয়ে চর্চা চলছে। টি-২০ বিশ্বকাপের সেরা প্লেয়ার সঞ্জু স্যামসন প্রথম ম্যাচে ব্যর্থ হন। ৪ বলে ৫ রান করে আউট হন। আয়ারল্যান্ডের কাছে হারের পর ভারতের প্রাক্তন তারকা জানান, টপ অর্ডারে হাড্ডাহাড্ডি লড়াই। তাই সঞ্জু এবং অভিষেককে আরও সতর্ক হতে হবে। মঞ্জরেকর বলেন, 'সঞ্জু স্যামসনকে আরও সতর্ক হতে হবে। কারণ বৈভব সূর্যবংশী ওর এবং অভিষেকের ঘাড়ে নিঃশ্বাস ফেলছে।'

বৈভবের প্রতিভার প্রশংসায় পঞ্চমুখ প্রাক্তন তারকা। তবে তিনি মনে করেন, একা বৈভব আয়ারল্যান্ডের বিরুদ্ধে প্রথম ম্যাচ জেতাতে পারত না। রান তাড়া করতে শুরুটা বিধ্বংসী করার পাশাপাশি মোমেন্টাম ধরে রাখতে হত। যেই ইনিংস ওপেন করুক, চ্যালেঞ্জিং হত। মঞ্জরেকর বলেন, 'আমার মনে হয়, অভিষেক যা করেছে, ও সেটাই করত। হয়ত আরেকটু ভাল হতে পারে। এই রান তাড়া করতে নেমে প্রথম ৬ ওভার খুব গুরুত্বপূর্ণ ছিল। সেই মোমেন্টাম পরের ওভারগুলোতেও ধরে রাখতে হত। সেক্ষেত্রে রান তাড়া করতে নেমে ও আরও কিছুটা সুবিধা করে দিতে পারত। কিন্তু টার্গেট বড় ছিল। পরিবেশ এবং পরিস্থিতিও কঠিন ছিল।' পাওয়ার প্লে তে বৈভব পার্থক্য গড়ে দিত মেনে নিলেও, মঞ্জরেকের জানিয়ে দিলেন, বর্তমানে ভারতীয় টপ অর্ডারে কোনও জায়গা নেই। অর্থাৎ, সুযোগের অপেক্ষা করা ছাড়া কোনও রাস্তা নেই উঠতি তারকার সামনে।