আজকাল ওয়েবডেস্ক: টি-টোয়েন্টি বিশ্বকাপে  ভারত ম্যাচ বয়কট করবে পাকিস্তান। এমনই হুমকি দিয়ে ক্রিকেটবিশ্ব আন্দোলিত করে দিয়েছে পাকিস্তান। 

বিরাট আর্থিক ক্ষতির মুখে পড়বে আইসিসি। এই প্রেক্ষিতে ভারতের প্রাক্তন ক্রিকেটার সঞ্জয় মঞ্জরেকর বলছেন, ভারত-পাক ম্যাচ না হলে বড় কিছু ব্যাপার নয়। 

কারণ ভারত-পাক ম্যাচে এখন আর আগের মতো উৎসাহ-আবেগ-নাটক নেই। ভারতের কাছে নিয়মিত হার মানে পাকিস্তান। মনে হয় যেন ভারত দুর্বল কোনও দলকে হারাচ্ছে। যাদের ক্রিকেটবিশ্বে লিলিপুট বলে মনে করা হয়। 

১৫ ফেব্রুয়ারি ভারত-পাক ম্যাচ। আইসিসি টি-টোয়েন্টি বিশ্বকাপের আগে বড় ঘোষণা করে দেয় পাকিস্তান সরকার। 

এক নজিরবিহীন সিদ্ধান্তে পাকিস্তান সরকার রবিবার ঘোষণা করেছে, আইসিসি টি-টোয়েন্টি বিশ্বকাপে অংশ নেবে পাকিস্তান ক্রিকেট দল। 

কিন্তু গ্রুপ পর্বে চিরপ্রতিদ্বন্দ্বী ভারতের বিরুদ্ধে নির্ধারিত ম্যাচটি বয়কট করা হবে। 

বাংলাদেশের নিরাপত্তাজনিত উদ্বেগের পর আইসিসি টুর্নামেন্ট থেকে বাংলাদেশকে সরিয়ে দেওয়ায় তারই প্রতিবাদ হিসেবে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানানো হয় পাকিস্তানের তরফে। 

পাকিস্তান সরকার আনুষ্ঠানিকভাবে ঘোষণা করে জানিয়েছে, ''পাকিস্তান ইসলামিক প্রজাতন্ত্রের সরকার আইসিসি টি-টোয়েন্টি বিশ্বকাপে অংশগ্রহণের জন্য পাকিস্তান ক্রিকেট দলকে অনুমোদন দিচ্ছে।'' তবে একই পোস্টে স্পষ্ট করে বলা হয়, ''আগামী ১৫ ফেব্রুয়ারি ভারতের বিরুদ্ধে নির্ধারিত ম্যাচে পাকিস্তান ক্রিকেট দল মাঠে নামবে না।''  

ভারত-পাকিস্তান ম্যাচ প্রসঙ্গে ইনস্টাগ্রামে মঞ্জরেকর বলেন, ''ভারত-পাকিস্তান ম্যাচ যদি না হয়, তাহলে বড় কথা নয়।  আসল খেলাটি ম্যাচের আগে যে প্রচার, নাটকীয়তা তৈরি করেছে, তার সঙ্গে এখন আর খাপ খায় না।  আর এর কারণ খুবই স্পষ্ট। ভারত এবং পাকিস্তান আর একই লিগে নেই। আগে, নব্বইয়ের দশকে এবং তার আগে, এটা খুবই চ্যালেঞ্জিং ছিল। কারণ সেই সময়ে পাকিস্তান খুবই শক্তিশালী দল ছিল। কিন্তু এখন আর পাকিস্তান শক্তিশালী নয়। এখন ভারত নিয়মিত পাকিস্তানকে হারাচ্ছে। এটা দেখে মনে হয় ভারত দুর্বল দলগুলিকে হারিয়ে দিচ্ছে। পাকিস্তানকে আগে হারিয়ে ভাল লাগত।''

ভারতের ক্রিকেট এগিয়ে গিয়েছে। অন্যদিকে পাকিস্তানের ক্রিকেট পড়তির দিকে। মঞ্জরেকর বলছেন, ''পাকিস্তান ক্রিকেটের অবস্থা এভাবেই খারাপ হতে শুরু করেছে। এশিয়া কাপেও সেটা দেখা গেয়েছি। ভারতীয় ক্রিকেট সিস্টেম ও পাকিস্তান ক্রিকেট সিস্টেমের মধ্যে তুলনা করতে হবে। জমিন আসমানের যে পার্থক্য সেই পার্থক্যই এখন থেকে গিয়েছে।'' 
কিছু কিছু ম্যাচ আছে যা কেবল ম্যাচ নয়। তা ম্যাচের থেকেও আরও বেশি কিছু। ওই একটি ম্যাচ দিয়ে আইসিসি-র কোষাগার ভর্তি হয়। ভারত-পাক ম্যাচ সেরকমই একটি খেলা। যা নিছক কোনও খেলা নয়। খেলার থেকেও বেশি আরও কিছু। সেই ম্যাচ নিয়েই এখন যত আশঙ্কা। পাকিস্তান জানিয়ে দিয়েছে তারা বিশ্বকাপে খেললেও ভারতের বিরুদ্ধে নামবে না কলম্বোয়। আর পাকিস্তানের ভারত ম্যাচ বয়কট করায় বিশাল আর্থিক ক্ষতির মুখে পড়তে পারে আইসিসি। 
সেই ম্যাচকেই মঞ্জরেকর বলছেন, কোনও ম্যাচই নয়। পাকিস্তানকে লিলিপুট বললেন।