আজকাল ওয়েবডেস্ক: রান পেলেন তিলক বর্মা। স্বস্তি ফিরল ভারতীয় শিবিরে। টি–২০ বিশ্বকাপের আগে আমেরিকার সঙ্গে প্রস্তুতি ম্যাচ খেলতে নেমেছিল ভারত ‘এ’ দল। অস্ত্রোপচারের পর সুস্থ হয়ে মাঠে নামলেন। রানও পেলেন তিলক বর্মা। ভারত ‘এ’ দল ম্যাচটি জিতেছে। শতরান করেছেন নারায়ণ জগদীশন।
প্রসঙ্গত, টি–২০ বিশ্বকাপে অংশগ্রহণকারী দলগুলির সঙ্গে প্রস্তুতি ম্যাচ খেলছে ভারত এ দল। মূলত আইপিএল ক্রিকেটারদের নিয়েই সেই দল গড়া হয়েছে। তবে গৌতম গম্ভীর এবং সূর্যকুমারদের চোখ ছিল তিলকের দিকেই। বিশ্বকাপের আগে চিন্তা কমিয়েছেন তিনি। ২৪ বলে ৩৮ রান করেছেন তিলক। দুটি বড় ছয় মেরেছেন। ইনিংসে রয়েছে তিনটি বাউন্ডারিও।
সবচেয়ে বড় কথা ব্যাট করার সময় কোনওরকম অস্বস্তিতে দেখা যায়নি তিলককে। ফিল্ডিংয়ের সময় পিছন দিকে ছুটে সাইতেজা মুক্কামাল্লার ক্যাচও ধরেন তিলক। এমনকী ফিল্ডিংয়ের সময় দৌড়তেও কোনও রকম সমস্যা হয়নি তিলকের। পরে বল হাতে একটি উইকেটও নেন। বিশ্বকাপে তিলক তিনে খেলতে পারেন। সেক্ষেত্রে ঈশান কিষান ওপেনিংয়ে সঙ্গী হতে পারেন অভিষেক শর্মার। প্রথম একাদশ থেকে বাদ পড়তে পারেন সঞ্জু স্যামসন।
প্রসঙ্গত, ম্যাচে প্রথমে ব্যাট করে ২৩৮/৩ তোলে ভারতীয় দল। ওপেনার জগদীশন ১১টি চার এবং ৪টি ছয়ের সাহায্যে ৫৫ বলে ১০৪ রান করেন। নজর কাড়েন অধিনায়ক আয়ুষ বাদোনিও। তিনি ৬টি চার এবং ৪টি ছয়ের সাহায্যে ২৬ বলে ৬০ করেন। আমেরিকার আন্দ্রিয়েস গৌস (৪৪) এবং সঞ্জয় কৃষ্ণমূর্তি (৪১) বাদে বলার মতো রান কেউ করতে পারেননি। ভারতের রবি বিষ্ণোই তিনটি উইকেট নেন। দু’টি করে উইকেট নেন খলিল আহমেদ এবং নমন ধীর।
