আজকাল ওয়েবডেস্ক: আফগানিস্তানের প্রাক্তন ক্রিকেটার শাপুর জাদরান দীর্ঘদিন  ধরে অসুস্থ ছিলেন। মঙ্গলবার শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। মাত্র ৩৮-এই তাঁর জীবনদীপ নিভে গেল। 
শাপুর জাদরান দীর্ঘদিন ধরে এইচএলএইচ নামের একটি জটিল রোগের সঙ্গে লড়াই করছিলেন। 

গত কয়েক মাস ধরে তিনি দিল্লি-এনসিআর অঞ্চলে চিকিৎসাধীন ছিলেন। গত বছরের অক্টোবর মাসে প্রথম অসুস্থ হয়ে পড়েন তিনি। এরপর আফগানিস্তানের চিকিৎসকরা তাঁকে উন্নত চিকিৎসার জন্য ভারতে যাওয়ার পরামর্শ দেন। ভারতে চিকিৎসার পর শুরুতে তাঁর শারীরিক অবস্থার উন্নতি হয়েছিল এবং হাসপাতাল থেকে তাঁকে ছেড়েও দেওয়া হয়েছিল। কিন্তু প্রায় ২০ দিন পর তিনি ফের অসুস্থ হয়ে পড়েন। 

শাপুর জাদরানের প্রয়াণে আফগানিস্তান ক্রিকেট বোর্ড গভীর শোক প্রকাশ করেছে। সোশ্যাল মিডিয়ায় দেওয়া বার্তায় তারা লিখেছে, 
''নিজের পুরো ক্রিকেট কেরিয়ারে শাপুর আফগান ক্রিকেটকে সম্মান, সাহস ও গর্বের সঙ্গে প্রতিনিধিত্ব করেছেন। তাঁর অবদান ও দক্ষতা আফগান ক্রিকেটের ইতিহাসে চিরকাল গুরুত্বপূর্ণ হয়ে থাকবে। জাতীয় দলের সেবায় তাঁর নিষ্ঠা ও পরিশ্রম কখনও ভোলা যাবে না।'' 

মাঠের সাফল্যের বাইরেও শাপুর জাদরান ছিলেন অসংখ্য তরুণ আফগান ক্রিকেটার এবং বিশ্বের ক্রিকেটপ্রেমীদের কাছে এক অনুপ্রেরণার নাম। তাঁর লড়াইয়ের মানসিকতা, দৃঢ় সংকল্প এবং ক্রিকেটের প্রতি ভালবাসা অনেককে আশা দেখিয়েছে। তিনি একটি প্রজন্মকে বড় স্বপ্ন দেখতে এবং আফগান ক্রিকেটের উজ্জ্বল ভবিষ্যতের ওপর বিশ্বাস রাখতে অনুপ্রাণিত করেছেন।

আফগান ক্রিকেটের এই সাহসী যোদ্ধার মৃত্যুতে ক্রিকেটবিশ্বে নেমে এসেছে শোকের ছায়া।