আজকাল ওয়েবডেস্ক: বেঙ্গালুরুতে নিউজিল্যান্ডের পেস আক্রমণে হার মেনেছিল ভারত। পুণেতে স্পিন বোলিংয়ে ধস নামল ভারতের ব্যাটিং অর্ডারে। কোথায় গেল অপরাজেয়র শিরস্ত্রাণ? শরীর থেকে একে একে খসে পড়ছে সব মণিমাণিক্য। তিন ম্যাচের টেস্ট সিরিজ জিতে নিল কিউয়িরা। বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে ভারত কি পৌঁছতে পারবে? তা নিয়ে প্রশ্নচিহ্ন তৈরি হয়েছে। এর মধ্যে ভারত অধিনায়ক রোহিত শর্মা জানিয়ে দিলেন, এখনই তিনি বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনাল নিয়ে চিন্তা করছেন না। শেষ টেস্ট ম্যাচটি জিতে সিরিজ শেষ করাই তাঁর একমাত্র লক্ষ্য। 

এদিকে ভারত সিরিজ হারের পরে ভক্তদের নিশানায় বিরাট কোহলি ও রোহিত শর্মা। টেস্ট ক্রিকেট থেকে তাঁদের অবসর নিতে বলছেন ভক্তরা। দ্বিতীয় টেস্টে দুই তারকা ব্যাটারই ব্যর্থ হয়েছেন। রোহিত শর্মা প্রথম ও দ্বিতীয় ইনিংসে করেন যথাক্রমে ০ ও ৮। বিরাট কোহলি করেন ১ ও ১৭। 

ভারতের অসহায় আত্মসমর্পণ দেখার পরে শান্ত থাকতে পারেননি ভক্তরা। কোহলি ও রোহিতের উপরে তাঁদের যাবতীয় রাগ এসে পড়ে। সোশ্যাল মিডিয়ায় এক ভক্ত লিখেছেন, ''টি-টোয়েন্টি থেকে অবসর নিয়ে ফেলেছেন। এবার টেস্ট ক্রিকেট থেকেও অবসর নেওয়ার সময় এসে গিয়েছে। দু' জনেই জেন্টেলম্যান।'' 

আরেক ভক্ত সোশ্যাল মিডিয়ায় লিখেছেন, ''রোহিত শর্মা আর বিরাট কোহলিকে অন্ধভাবে সমর্থন করা বন্ধ করুন। ২০১৬ সালের পর থেকে রোহিত আর ঘরোয়া ক্রিকেট খেলেননি। কোহলি ২০১২ সালের পর থেকে নামেনি ঘরোয়া ক্রিকেটে। শচীন তেণ্ডুলকর পর্যন্ত ঘরোয়া ক্রিকেট খেলেছে। অবসর নেওয়ার ১৫ দিন আগেও শচীন ঘরোয়া ক্রিকেট খেলেছে। শচীন যদি খেলতে পারে, তাহলে ওরা খেলবে না কেন?'' 

টি-টোয়েন্টি বিশ্বকাপ জেতার পরে বিরাট কোহলি ও রোহিত শর্মা অবসরের ঘোষণা করেন। এবার টেস্ট থেকেও তাঁদের অবসর চাইছেন ভক্তরা। 

ভারত-নিউজিল্যান্ডের পরবর্তী টেস্ট ম্যাচ ওয়াংখেড়েতে। রোহিত শর্মার ঘরের মাঠ। একটি টেস্ট না জিতলে লজ্জাজনক ভাবে সিরিজ শেষ করতে হবে রোহিত শর্মার টিম ইন্ডিয়াকে। সেই কারণে ঘরের মাঠে তিনি জিততে চান। আপাতত বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনাল নিয়ে চিন্তাভাবনা করতে রাজি নন হিটম্যান। তিনি বলছেন, ''ওয়াংখেড়েতে ঘুরে দাঁড়াতে হবে আমাদের। টেস্টটা জিততে হবে। সম্মিলিত ভাবে আমরা ব্যর্থ হয়েছি। আমাদের দিকে যে চ্যালেঞ্জ ছুড়ে দেওয়া হয়েছিল, তার মোকাবিলা আমরা করতে পারিনি।''