আজকাল ওয়েবডেস্ক: অ্যাডিলেড টেস্টের শুরুটা ভাল হয়নি ভারতের। প্রথম দিনের শেষে কিছুটা চাপে রোহিত অ্যান্ড কোম্পানি। কিন্তু গোলাপী বলের টেস্টের প্রথম দিন একটি মজার ঘটনার সাক্ষী থাকল ক্রিকেট মহল। দিনের শুরুতে শূন্যতে আউট হন কেএল রাহুল। কিন্তু অজি পেসার স্কট বোল্যান্ডের বল আম্পায়ার নো বল দেওয়ায় লাইফলাইন পান ভারতীয় ওপেনার। তার আগেই ইনিংসের প্রথম বলে আউট হন যশস্বী জয়েসওয়াল।‌ তারপর বোল্যান্ডের প্রথম বলেই খোঁচা মারেন রাহুল। বল সরাসরি তালুবন্দি করেন উইকেটকিপার। কিন্তু আম্পায়ার নো বল ডাকায় সেই যাত্রায় বেঁচে যান রাহুল। 

প্রথমে অন ফিল্ড আম্পায়ার রাহুলকে আউট দেন। অপেক্ষা না করেই মাঠে নেমে পড়েন বিরাট কোহলি। কিন্তু তাঁকে আবার ড্রেসিংরুমে ফেরত পাঠিয়ে দেন আম্পায়াররা। এই ঘটনা সোশ্যাল মিডিয়ায় ছেয়ে গিয়েছে। বল রাহুলের ব্যাটের পাশ দিয়ে যাওয়ার সময় স্নিকোমিটারে কোনও স্পাইক দেখা যায়নি। সুতরাং, ভারতীয় ওপেনার রিভিউয়ের কথা আদৌ ভেবেছিলেন কিনা, জানা নেই। একই ওভারে দ্বিতীয়বার জীবন ফিরে পান রাহুল। স্লিপে উসমান খোয়াজা তাঁর ক্যাচ ফেলে দেন। শেষপর্যন্ত ৩৭ রানে আউট হন রাহুল। নিজের দ্বিতীয় উইকেট তুলে নেন মিচেল স্টার্ক। অ্যাডিলেডে টসে জিতে ব্যাট করার সিদ্ধান্ত নেন রোহিত শর্মা। দলে তিনটে পরিবর্তন হয়। দেবদত্ত পাড়িক্কেল‌, ধ্রুব জুরেল এবং ওয়াশিংটন সুন্দরের জায়গায় দলে ফেরেন রোহিত শর্মা, শুভমন গিল এবং রবিচন্দ্রন অশ্বিন। প্রথম দিনের শেষে ৯৪ রানে পিছিয়ে অস্ট্রেলিয়া।