আজকাল ওয়েবডেস্ক: টি-২০ বিশ্বকাপ থেকে ছিটকে গিয়েছে ভারত। চার সেমিফাইনালিস্ট নির্ধারিত হয়ে গিয়েছে। মঙ্গলবার প্রথম সেমিফাইনালে ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে নামবে অস্ট্রেলিয়া। দ্বিতীয় সেমিতে মুখোমুখি দক্ষিণ আফ্রিকা এবং ইংল্যান্ড। দুটো ম্যাচই লন্ডনের কেনিংটন ওভালে। আশা ছিল, টি-২০ বিশ্বকাপের শেষ চারে যাবে হরমনপ্রীত কৌররা। কিন্তু গ্রুপের ম্যাচে দক্ষিণ আফ্রিকার কাছে হারের খেসারত দিতে হয় একদিনের ক্রিকেটের বিশ্বকাপ জয়ীদের। তারপর অস্ট্রেলিয়ার কাছে গ্রুপের শেষ ম্যাচে হারের পর বিশ্বকাপ থেকে ছিটকে যায় ভারত। 

কিন্তু বিষয় হল, বিশ্বকাপ থেকে ছিটকে যাওয়ার পরও শিরোনামে ভারতই। ইংল্যান্ডের দুই প্রাক্তন ক্রিকেটার দাবি করেন, সূচি নিয়ে ভারতীয় দলের বিরুদ্ধে কথা বলায়, তাঁদের প্রাণনাশের হুমকি পর্যন্ত দেওয়া হয়। ঘটনাটি এরকম। ভারত-অস্ট্রেলিয়া ম্যাচের আগে একটি পডকাস্টে অংশ নেন ইংল্যান্ডের দুই প্রাক্তন ক্রিকেটার অ্যালেক্স হার্টলি এবং কেট ক্রস। সেখানে মেয়েদের টি-২০ বিশ্বকাপের সূচি নিয়ে প্রশ্ন তোলেন ইংল্যান্ডের দুই ক্রিকেটার।

হার্টলি ২৮টি একদিনের ম্যাচ এবং চারটে টেস্টে খেলে ২০২৩ সালে অবসর নেন। গত বছর কেন্দ্রীয় চুক্তি থেকে বাদ পড়ায় অবসর নেন ক্রস। সেই পডকাস্টে ক্রস বলেন, 'ভারত যদি সেমিফাইনালের ছাড়পত্র সংগ্রহ করে, আমি নিশ্চিত ওরা মঙ্গলবারের সেমিফাইনালে খেলবে। কারণ আইসিসি ভাববে, সময়ের নিরিখে সেদিনই ওদের খেলার জন্য আদর্শ।' তার উত্তরে হার্টলি মন্তব্য করেন, 'ছেলেদের ক্রিকেটে হয়, মেয়েদেরও হয়। সব বিশ্বকাপেই হয়।' 

ক্রস আরও বলেন, 'সবাই ভারত কখন খেলবে, সেটাকে কেন্দ্র করে বাকি পরিকল্পনা করে। সবটাই মানসিক। একটা টুর্নামেন্টে গভর্নিং বডি কীভাবে একটা দলকে পক্ষপাতিত্ব করে জানি না। আমি জানি কেন এটা করা হচ্ছে। এটা খুবই খারাপ।' এরপর ক্রস দাবি করেন, এই ভিডিও ভাইরাল হতেই প্রাণনাশের হুমকি পান তিনি। নেটমধ্যমে হুমকি দেওয়া হয় তাঁকে। তাই আবার বিষয়টির ব্যাখ্যা করেন সোশ্যাল মিডিয়ায়। ক্রস বলেন, 'আইসিসির সূচি নিয়ে আমরা যে ভিডিও করেছি, তাতে ৪৫০টা কমেন্ট এসেছে। আমার মনে হয়, এখানে বুঝতে একটু সমস্যা হয়েছে। কারণ আমার মনে হয়, আমরা যা বলেছি, তার জন্য প্রাণনাশের হুমকি পাওয়া উচিত না।' হার্টলি দাবি করেন, আইসিসির এক আধিকারিকের সঙ্গে তিনি কথা বলেন। তিনি জানিয়েছে, সূচির সঙ্গে ভারতের কোনও সম্পর্ক নেই। গ্লোবাল ভিউয়ারশিপের কথা মাথায় রেখেই করা হয়েছে। রবিবার মেয়েদের টি-২০ বিশ্বকাপের ফাইনাল।