আজকাল ওয়েবডেস্ক: ডার্বিতে হার দিয়ে অভিযান শুরু করলেও দলের পারফরম্যান্সে সন্তুষ্ট ইস্টবেঙ্গল কোচ আন্তোনিও লোপেজ হাবাস। ম্যাচের পর সাংবাদিক সম্মেলনে তিনি জানান, তাঁর কোচিং কেরিয়ারে এই প্রথম কোনও ডার্বিতে হার, তবে বর্তমান পরিস্থিতির সঙ্গে আইএসএলের অভিজ্ঞতার তুলনা করা ঠিক হবে না।
হাবাস বলেন, “এটা আমার কেরিয়ারের প্রথম ডার্বি হার। কিন্তু আগের মতো তুলনা করা যাবে না, কারণ আমরা এখনও দলের সঙ্গে পর্যাপ্ত অনুশীলনের সুযোগ পাইনি। আমি এখনও পুরো দলকে জানার প্রক্রিয়ার মধ্যে আছি। স্কোরলাইন নিয়ে আমি খুব হতাশ, কিন্তু দলের পারফরম্যান্সে আমি খুব খুশি। আমরা সাত-আটটি বড় সুযোগ তৈরি করেছি।”
তিনি আরও বলেন, দ্বিতীয়ার্ধে দলের খেলায় বড় পার্থক্য দেখা গিয়েছে। গোল খাওয়ার পর দল আরও আক্রমণাত্মক হয়ে উঠেছিল বলে জানান অভিজ্ঞ কোচ। তাঁর কথায়, “গোল খাওয়ার পর আমরা বেশি আক্রমণ করেছি এবং সমতা ফেরানোর মতো সুযোগ তৈরি করেছিলাম। এই সমস্যা নিয়ে আমি চিন্তিত নই, কারণ আমরা এগুলো সমাধান করতে পারব।”
দলের কোনও নির্দিষ্ট খেলোয়াড়কে আলাদা করে প্রশংসা করতে চাননি হাবাস। তিনি বলেন, “একজন খেলোয়াড়ের চেয়ে পুরো দলের স্পিরিট ও অ্যাটিটিউড বেশি গুরুত্বপূর্ণ।”
পরিবর্তন প্রসঙ্গে কোচ জানান, আক্রমণে বাড়তি শক্তি আনার জন্যই বদলি করা হয়েছিল। ডেভিড ক্লান্ত হয়ে পড়েছিলেন এবং জেসিন টিকে-কে আত্মবিশ্বাস ও ম্যাচের অভিজ্ঞতা দেওয়ার প্রয়োজন ছিল বলেও উল্লেখ করেন তিনি।
বিদেশি খেলোয়াড়দের যোগ দেওয়া নিয়েও আশাবাদী কোচ। তিনি জানান, “আশা করছি নাচো সোমবার আসবে। আরও একজন বিদেশি খেলোয়াড় এই সপ্তাহ বা পরের সপ্তাহে আসতে পারে। আমরা আরও একজন খেলোয়াড়ের সঙ্গে চুক্তির কাছাকাছি রয়েছি।”
গোলরক্ষকের পারফরম্যান্সের প্রশংসা করে হাবাস বলেন, “আমার মতে, ভারতের অন্যতম সেরা গোলরক্ষক গিল। আমি যখন পুণেতে ছিলাম, তখন অনেক আগে ওকে সই করিয়েছিলাম। আজ গুরুত্বপূর্ণ ভূমিকা নিয়েছে।”
মোহনবাগানের ডিফেন্ডার শুভাশিসের হলুদ কার্ড প্রসঙ্গে হাবাস জানান ওটা লাল কার্ড হওয়া উচিত ছিল।
মাত্র কয়েকটি অনুশীলন সেশনের পর এমন গুরুত্বপূর্ণ ম্যাচ খেলতে হয়েছে। তা নিয়ে হাবাস স্বীকার করেন, আরও দুই সপ্তাহ সময় পেলে দল আরও প্রস্তুত হতে পারত। তবে তিনি বর্তমান পরিস্থিতিতেই মনোযোগ দিতে চান।
অভিজ্ঞ কোচ বলেন, “মাত্র দুই-তিনটি অনুশীলনের পরও দল ভালো নিয়ন্ত্রণ দেখিয়েছে। আমরা কমপ্যাক্ট ছিলাম, বল দখলে রেখেছি এবং সুযোগ তৈরি করেছি। অবশ্যই উন্নতির জায়গা রয়েছে, তবে দলের মানসিকতা ও উদ্দেশ্য ইতিবাচক। সামনে দীর্ঘ মরসুম এবং এএফসি ম্যাচ রয়েছে, তাই আমরা আশাবাদী।”
















