আজকাল ওয়েবডেস্ক: গত আইপিএলে ইডেনের পিচ নিয়ে তীব্র বিতর্কে জড়িয়েছিল কেকেআর। তবে এবার আর টুর্নামেন্ট শুরু হওয়া পর্যন্ত অপেক্ষা করতে হল না। আইপিএল মরশুম শুরুর আগেই বিতর্কে জড়াল কলকাতা নাইট রাইডার্স।

দলের মেন্টর ডোয়েন ব্রাভোকে চেন্নাই সুপার কিংসের এক ফ্যান ইভেন্টে দেখা যাওয়ায় ক্ষোভে ফেটে পড়েছেন কেকেআর সমর্থকরা। চেন্নাইয়ে অনুষ্ঠিত ওই অনুষ্ঠানে ব্রাভোর উপস্থিতির ছবি ও ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হতেই তীব্র প্রতিক্রিয়া দেখা যায়।

গুরুত্বপূর্ণ সময়ে দলের প্রতি তাঁর দায়িত্ব নিয়ে প্রশ্ন তুলেছেন অনেকে। উল্লেখ্য, বর্তমান পরিস্থিতিতে চোট-আঘাতে জর্জরিত কেকেআর শিবির। মরশুম শুরুর আগে একাধিক গুরুত্বপূর্ণ খেলোয়াড় চোটের কারণে ছিটকে যাওয়ায় সমর্থকরা আশা করেছিলেন, সাপোর্ট স্টাফরা পুরোপুরি দলের প্রস্তুতিতে মন দেবেন।

কিন্তু প্রতিদ্বন্দ্বী দলের অনুষ্ঠানে ব্রাভোর উপস্থিতি সমর্থকদের মধ্যে হতাশা বাড়িয়েছে। চোটের তালিকায় রয়েছেন দলের অন্যতম সিনিয়র পেসার হর্ষিত রানা। তিনি প্রায় গোটা মরশুমই বাইরে থাকতে পারেন বলে আশঙ্কা।

এছাড়া আকাশ দীপকে পাওয়া যাবে কিনা তা নিয়েও সংশয় রয়েছে। অন্যদিকে, মাথিশা পাথিরানা এখনও শ্রীলঙ্কা ক্রিকেট বোর্ডের কাছ থেকে ‘নো অবজেকশন সার্টিফিকেট’ পাননি।

তিনিও চোটের কারণে টি-টোয়েন্টি বিশ্বকাপের মাঝেই ছিটকে যান। তাঁকে পাওয়া যাবে কিনা তা নিয়েও কোনও সরকারি ঘোষণা নেই। রোজ টিকিট কাটা হচ্ছে আর বাতিল করা হচ্ছে।

দলের হেড কোচ অভিষেক নায়ার জানিয়েছেন, বিকল্প নিয়ে ভাবনা-চিন্তা চলছে, তবে এখনও চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হয়নি। পাশাপাশি তিনি জানান, এপ্রিলের মাঝামাঝি থেকে পাথিরানাকে পাওয়া যেতে পারে।

এর মধ্যেই ব্রাভোর এই কাণ্ডে সোশ্যাল মিডিয়ায় প্রতিক্রিয়া ছিল তীব্র। কেউ লিখেছেন, ব্রাভোকে কেকেআর থেকে ‘হাইজ্যাক’ করা হয়েছে। আবার কেউ তাঁকে কেকেআর শিবিরে ‘সিএসকে-র গুপ্তচর’ বলেও কটাক্ষ করেছেন।

অনেক সমর্থকই মনে করছেন, দল ইতিমধ্যেই খেলোয়াড় সঙ্কটে ভুগছে, তার উপর মেন্টরের এমন আচরণ হতাশাজনক। তবে সব প্রতিক্রিয়াই নেতিবাচক ছিল না। সিএসকে সমর্থকদের একাংশ ব্রাভোকে আবার ‘হলুদ জার্সিতে’ দেখে স্বাগত জানিয়েছেন। তাঁদের কথায়, ‘চ্যাম্পিয়নরা কখনও নিজেদের ঘর ছেড়ে যায় না।’

চেন্নাই সুপার কিংসের জনপ্রিয় স্লোগান ‘হুইসল পোডু’ দিয়েই তাঁরা উচ্ছ্বাস প্রকাশ করেছেন। সূত্রের খবর, পুরো আইপিএলেই পাওয়া যাবে না বাংলার পেসারকে। আবু ধাবিতে শেষ মিনিটের মিনি নিলামে এক কোটিতে আকাশ দীপকে কেনে কেকেআর।

দীর্ঘদিন পর বাংলার একজন ক্রিকেটার ছিল নাইটদের দলে। কিন্তু দুর্ভাগ্যবশত, বেগুনি জার্সিতে চেনা ইডেনে খেলা হবে না। ১৮ মার্চ থেকে ইডেনে আইপিএলের প্রস্তুতি শুরু করে দিয়েছে কলকাতা নাইট রাইডার্স।

কিন্তু এখনও শিবিরে যোগ দেননি আকাশ দীপ। বেঙ্গালুরুতে সেন্টার অফ এক্সেলেন্সে রিহ্যাবে ছিলেন তিনি। এদিন জানা যাচ্ছে, এবারের আইপিএলে আর পাওয়া যাবে না বাংলার পেসারকে।

যদিও ঠিক কী চোট পেয়ে ছিটকে গেলেন এখনও জানা যায়নি। শোনা যাচ্ছে, সেন্টার অফ এক্সেলেন্সের মেডিক্যাল ইউনিট কেকেআর ম্যানেজমেন্টকে এই খবর জানায়।

পেস বোলিং নিয়ে সমস্যা বাড়ল নাইটদের। কোটিপতি লিগ থেকে আগেই ছিটকে গিয়েছেন হর্ষিত রানা। পুরো টুর্নামেন্টেই পাওয়া যাবে না তারকা পেসারকে। টি-টোয়েন্টি বিশ্বকাপের আগে একটি ওয়ার্ম আপ ম্যাচে হাঁটুতে চোট পান। সেই থেকে মাঠের বাইরে।

৯ ফেব্রুয়ারি মুম্বইয়ে অস্ত্রোপচার হয় ২৪ বছরের পেসারের। কিন্তু সময়ের মধ্যে সম্পূর্ণ ফিট হয়ে উঠতে পারবেন না। আগের সপ্তাহে একটি সূত্র জানিয়েছিল, 'দুর্ভাগ্যবশত হর্ষিত রানা আইপিএলে খেলতে পারবে না। যার ফলে দলের বাকি বোলার বৈভব অরোরা, উমরান মালিক, কার্তিক এবং আকাশ দীপরা সুযোগ পাবে। আশা করছি ওরা সুযোগের সদ্ব্যবহার করতে পারবে। রানার কোনও বদলি এখনও ঘোষণা করা হয়নি।'

এবার গোটা আইপিএলে আকাশ দীপকেও পাওয়া যাবে না। এখনও হর্ষিতের পরিবর্ত ঠিক করেনি কেকেআর। হেড কোচ অভিষেক নায়ার জানান, কয়েকজন বোলারকে পরখ করে দেখা হচ্ছে।

ইতিমধ্যেই আরও একটি বড় ধাক্কা। একমাত্র মুস্তাফিজুর রহমনের বদলির নাম ঘোষণা করা হয়। নাইটদের দলে নাম লেখান ব্লেসিং মুজারাবানি। ২৯ মার্চ ওয়াংখেড়েতে মুম্বই ইন্ডিয়ান্সের বিরুদ্ধে যাত্রা শুরু করবে কেকেআর। তার আগেই হর্ষিত, আকাশ দীপের পরিবর্ত খুঁজতে হবে নাইটদের।