আজকাল ওয়েবডেস্ক: মদ্যপ অবস্থায় গাড়ি চালিয়ে গ্রেপ্তার অস্ট্রেলিয়ার প্রাক্তন ক্রিকেটার ডেভিড ওয়ার্নার। জানা গিয়েছে, সিডনির মারোবরা এলাকায় ঘটনাটি ঘটে। জানা গিয়েছে, গভীর রাতে ওয়ার্নারের গাড়ি থামিয়ে পুলিশ প্রাক্তন ক্রিকেটার ওয়ার্নার মদ্যপ কিনা তা দেখতে যান। টেস্টে ধরা পড়ে তিনি মদ্যপ অবস্থায় গাড়ি চালাচ্ছিলেন।
ওয়ার্নারকে গ্রেপ্তার করে মারোবরা পুলিশ স্টেশনে নিয়ে যাওয়া হয়। আদালতে মে মাসে ওয়ার্নারের শুনানি হওয়ার কথা।
প্রসঙ্গত, পাকিস্তান সুপার লিগে করাচি কিংসের অধিনায়ক ওয়ার্নার। খেলার মাঝে কিছুদিনের বিরতি থাকায় ওয়ার্নার দেশে ফিরেছিলেন। করাচি কিংসের পরবর্তী খেলা ৯ এপ্রিল। তার আগেই পাকিস্তান ফিরবেন তিনি। গ্রেপ্তার করা হলেও জামিন পেয়েছেন ওয়ার্নার। তবে পরের মাসে এই মামলার শুনানিতে উপস্থিত থাকতে হবে ওয়ার্নারকে।
২০২৪ সালেই আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নেন ওয়ার্নার। তারপর থেকে ফ্রাঞ্চাইজি খেলে বেড়ান তিনি। বিগ ব্যাশে খেলেছেন সিডনি থান্ডারে। তবে আইপিএলে আর সুযোগ মেলেনি। খেলছেন পিএসএলে।
দেশের হয়ে ১১২ টেস্ট, ১৬১ ওয়ানডে ও ১১০ টি–২০ খেলেছেন ওয়ার্নার। রান করেছেন ১৫ হাজারেরও বেশি। দেশের হয়ে বিশ্বকাপ জিতেছেন। অধিনায় হিসেবে ২০১৬ সালে সানরাইজার্সকে আইপিএল জিতিয়েছেন।
এদিকে, দিল্লি ম্যাচেই মাঠে ফিরতে পারেন গুজরাট টাইটান্স অধিনায়ক শুভমান গিল। পেশিতে সামান্য লেগেছে গিলের। আর তাই ঘরের মাঠে রাজস্থান রয়্যালস ম্যাচটা খেলতে পারেননি তিনি। আইপিএল অভিযানও ভাল হয়নি গুজরাটের। দুটি ম্যাচই হারতে হয়েছে। গিলের অনুপস্থিতিতে রাজস্থান ম্যাচে অধিনায়কত্ব করেছিলেন রশিদ খান।
প্রথম ম্যাচে অবশ্য খেলেছিলেন গিল। পাঞ্জাবের বিরুদ্ধে ওই ম্যাচে ২৭ বলে ৩৯ করেছিলেন। কিন্তু দল হেরে গিয়েছিল। রাজস্থান ম্যাচে তিনি ছিলেন না। রশিদ খান অধিনায়কত্ব করলেও দল জেতেনি। এবার সামনে দিল্লি ক্যাপিটালস। সূত্রের খবর, ওই ম্যাচে ফিরতে চলেছেন গিল।
৮ এপ্রিল দিল্লির বিরুদ্ধে খেলা গুজরাটের। খেলা হবে অরুণ জেটলি স্টেডিয়ামে। এক সর্বভারতীয় সংবাদমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, দিল্লি ম্যাচেই মাঠে নামতে পারেন গিল।
















